জুনেই গড়তে হবে নতুন সরকার! ৫৪ জন ‘শতায়ু’ ভোটারের আশীর্বাদ কার মাথায়? জানুন নির্বাচনের নির্ঘণ্ট

পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট ঘোষণার আবহে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে দাক্ষিণাত্যের শান্ত জনপদ পুদুচেরি। আগামী জুনের মধ্যে সেখানে নতুন সরকার গঠন বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পুদুচেরির ৩০টি বিধানসভা আসনে এক দফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা অনেকটাই বেশি।
ভোটার সংখ্যার চমকপ্রদ পরিসংখ্যান পুদুচেরিতে এবার মোট ভোটার ৯ লক্ষ ৪৪ হাজার। এর মধ্যে মহিলা ভোটার ৫ লক্ষ এবং পুরুষ ভোটার ৪ লক্ষ ৪৩ হাজার। এছাড়াও ১৩৯ জন তৃতীয় লিঙ্গের মানুষ এই গণতান্ত্রিক উৎসবে শামিল হবেন। প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা ২৩ হাজার ৩৩। শুধু তাই নয়, এই ছোট জনপদে ৫৪ জন ভোটার রয়েছেন যাঁদের বয়স একশোর বেশি এবং ৬ হাজারের ওপর ভোটার ৮৫ ঊর্ধ্ব।
ভোটের নির্ঘণ্ট ও প্রস্তুতি নির্বাচন কমিশন জানিয়েছে, ১৬ মার্চ থেকেই শুরু হচ্ছে পুদুচেরি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।
-
গেজেট নোটিফিকেশন: ১৬ মার্চ
-
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন: ২৩ মার্চ
-
ভোটগ্রহণ: ৯ এপ্রিল (১ দফায়)
-
ফলাফল ঘোষণা: ৪ মে
পুরো নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে ১০০ শতাংশ বুথে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা করা হয়েছে। ১ হাজার ৯৯টি পোলিং স্টেশনের মধ্যে ৬০টি বুথ সম্পূর্ণভাবে পরিচালনা করবেন মহিলারা।
বাংলার সঙ্গে তুলনা বাংলার ২৯৪ আসনের বিপরীতে পুদুচেরির ছোট ৩০টি আসনের ভোট ৯ এপ্রিলই মিটে যাবে। তবে দুই জায়গাতেই ফলাফল জানা যাবে ৪ মে। যেখানে বাংলা ২ দফায় ভোট দিচ্ছে, সেখানে পুদুচেরি ১ দফাতেই তাদের ভাগ্য নির্ধারণ করবে। এখন দেখার, এই ৯ লক্ষ মানুষের রায় এনআরসি-বিজেপি জোটের দিকে যায় নাকি কংগ্রেস-ডিএমকে জোটের পালে হাওয়া লাগে।