কালই কি বামেদের চমক? মঙ্গলবারে সম্মুখ সমরে তৃণমূল-বিজেপি! বঙ্গে প্রার্থী তালিকা নিয়ে মহাযুদ্ধ!

বঙ্গ রাজনীতির পারদ চড়ল আরও কয়েক ধাপ। নির্বাচন কমিশনের ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে শুরু হয়েছে তীব্র দড়িটানাটানি। সোমবার অর্থাৎ আগামীকালই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামেরা। অন্যদিকে, মঙ্গলবার একই দিনে প্রার্থী তালিকা প্রকাশ করে একে অপরকে টেক্কা দিতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। বিশেষ সূত্রে খবর, প্রথম দফার জন্য ১৪৫ জন প্রার্থীর নাম চূড়ান্ত করতে আজই জরুরি বৈঠকে বসেছিল বিজেপির রাজ্য নেতৃত্ব।

বিজেপির অন্দরে তৎপরতা ও দিল্লি সফর রাজ্য দপ্তরে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে ম্যারাথন বৈঠক সেরেছে গেরুয়া শিবির। আগামীকালই তাঁরা দিল্লি উড়ে যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য। সূত্রের খবর, প্রথম দফায় ১৫২টি আসনের মধ্যে ১৪৫টির তালিকা মঙ্গলবারই সামনে আনতে পারে বিজেপি। হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি নতুন মুখেদের উপর বাজি ধরতে পারে দল।

তৃণমূল ও বামেদের রণকৌশল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন বলে শোনা গেলেও, নতুন জল্পনা অনুযায়ী মঙ্গলবারই চূড়ান্ত তালিকা সামনে আসবে। অন্যদিকে, মহম্মদ সেলিমের নেতৃত্বাধীন বামফ্রন্ট আগামীকাল সোমবারই তাঁদের প্রার্থীদের প্রথম তালিকা প্রকাশ করে লড়াইয়ে এগিয়ে থাকতে চাইছে। দুই দফায় ভোট হওয়ার কারণে দলগুলি এবার অনেক বেশি সতর্ক হয়ে প্রার্থী নির্বাচন করছে।

দুই দফার ভোট: এক নজরে নির্ঘণ্ট ২০০৬ সালের পর এই প্রথম এত কম দফায় ভোট হচ্ছে বাংলায়। ২০২১-এর ৮ দফার বদলে এবার মাত্র ২ দফায় ভাগ্য পরীক্ষা।

  • প্রথম দফা (২৩ এপ্রিল): উত্তরবঙ্গের সব জেলা সহ জঙ্গলমহল ও পশ্চিমাঞ্চলের ১৫২টি আসনে ভোট। (কোচবিহার, জলপাইগুড়ি, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি)।

  • দ্বিতীয় দফা (২৯ এপ্রিল): কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ১৪২টি আসনে ভোট।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখেই বাংলার জন্য দুই দফা বরাদ্দ করা হয়েছে। ৪ মে পরিষ্কার হয়ে যাবে বাংলার মসনদে শেষ পর্যন্ত কে বসছে।