কেরল থেকে বাংলা— বিজেপির তুরুপের তাস ‘সুশাসন’! মোদী-ম্যাজিকে বাজিমাত করতে নয়া কৌশল দিল্লির

রবিবাসরীয় বিকেলে জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পরেই জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত গেরুয়া শিবির। পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের নির্বাচনী দামামা বাজতেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের স্পষ্ট দাবি, এবার বাংলায় রাজনৈতিক পালাবদল অনিবার্য। দলের সাধারণ সম্পাদক তরুণ চুগ এবং মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বাংলার মানুষ এবার ‘সুশাসন’ এবং ‘উন্নয়ন’-এর পক্ষেই রায় দেবেন।

বিজেপি সূত্রের খবর, আগামী মঙ্গলবারই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য ১৪৫টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। আর এই তালিকাকে কেন্দ্র করেই দানা বেঁধেছে নতুন জল্পনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কি এবার জোড়া আসনে লড়তে দেখা যাবে? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নিজের পুরনো গড় নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকেও প্রার্থী হতে পারেন শুভেন্দু। তৃণমূলকে তাদের গড়ে টেক্কা দিতেই এই ‘মাস্টারস্ট্রোক’ নিতে পারে দিল্লি।

অন্যদিকে, শুধু বাংলা নয়, কেরল নিয়েও বিশেষ রণকৌশল সাজিয়েছে বিজেপি। দলের প্রবীণ নেতা বিনোদ তাওড়ে জানিয়েছেন, ‘উন্নত ভারত, উন্নত কেরল’— এই স্লোগানকে সামনে রেখে ঘরে ঘরে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে হাতিয়ার করে এবং তৃণমূলের তথাকথিত ‘অপশাসন’-এর জবাব দিতে মরিয়া বিজেপি। কমিশনের দুই দফায় ভোট করানোর সিদ্ধান্ত এবং হিংসা রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস বিজেপির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার, মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণার পর বাংলার লড়াই কোন মোড় নেয়।