সোমবারই তৃণমূলের ২৯৪ আসনের ধামাকা! প্রার্থী তালিকায় কুণাল-দেবাংশু থেকে পরমব্রত-ইমন?

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়ল ঘাসফুল শিবির। সব জল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল, সোমবারই রাজ্যের ২৯৪টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তালিকা চূড়ান্ত করে ফেলেছেন, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
এবারের প্রার্থী তালিকায় একগুচ্ছ চমক থাকতে পারে বলে খবর। জল্পনা তুঙ্গে দুই সেলিব্রিটি— অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং গায়িকা ইমন চক্রবর্তীকে নিয়ে। পাশাপাশি, দলের লড়াকু মুখ কুণাল ঘোষ এবং যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকেও এবার বিধানসভার লড়াইয়ে দেখা যেতে পারে। তবে সবচেয়ে বড় কৌতূহল নন্দীগ্রাম আসনটিকে নিয়ে। ২০২১-এর হারের বদলা নিতে এবার নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সেখানকারই মেয়ে শিউলি সাহাকে প্রার্থী করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে অবশ্য নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই লড়বেন বলে খবর।
তালিকায় বড়সড় রদবদলের ইঙ্গিতও মিলছে। সূত্রের খবর, চোপড়ার বিধায়ক রুকবানুর রহমান এবং বেচারাম মান্নার স্ত্রী কবরী মান্না এবার টিকিট না-ও পেতে পারেন। কামারহাটির হেভিওয়েট বিধায়ক মদন মিত্রের কেন্দ্র বদল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বেহালা পূর্ব ও পশ্চিমে প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে শোভন চট্টোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের। ফিরহাদ হাকিম বা অরূপ বিশ্বাসের মতো পুরনো বিশ্বস্ত নেতাদের এলাকা বদল না হলেও, সব্যসাচী দত্তকে নদীয়ার কোনও আসন থেকে লড়াতে পারেন তৃণমূল নেত্রী। সোমবার দুপুরে এই মেগা তালিকা প্রকাশ হতেই বঙ্গ রাজনীতির সমীকরণ কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।