নির্বাচনের নির্ঘণ্ট আসতেই বড় চাল আলিমুদ্দিনের! সোমবারই বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা

রবিবার বিকেলে নির্বাচন কমিশন ২০২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই রণকৌশল সাজিয়ে ফেলল বাম শিবির। কাঁচরাপাড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট জানিয়ে দিলেন, সোমবারই বামফ্রন্টের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। বিজেপি ও তৃণমূল— দুই শিবিরের বিরুদ্ধেই লড়াই জোরদার করতে এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছে না আলিমুদ্দিন।
এদিন বিজপুরে একটি স্মরণসভায় যোগ দিয়ে বিমান বসু বলেন, “কমিশন ভোটের দিন ঘোষণা করেছে। আমরা অল্প দফায় ভোট করার দাবি জানিয়েছিলাম, কমিশন তা মেনে নিয়েছে। আমরা সোমবারই আমাদের প্রথম দফার প্রার্থীদের নাম ঘোষণা করব।” তবে তালিকায় নতুন মুখ নাকি অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে, সে বিষয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন তিনি। একই সঙ্গে ভোট যাতে প্রহসনে পরিণত না হয় এবং মৃত ভোটারদের নামে যেন জাল ভোট না পড়ে, সে বিষয়ে কমিশনকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন বিমান বাবু।
জোট প্রসঙ্গেও বড় ইঙ্গিত দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। আইএসএফ (ISF) ও অন্যান্য সহযোগী শক্তিগুলোর সঙ্গে আসন সমঝোতা কোন পথে? প্রশ্নের উত্তরে তিনি জানান, বামফ্রন্টের বাইরে থাকা বিজেপি ও তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে এক ছাতার তলায় আনার চেষ্টা চলছে। বিমান বসুর কথায়, “আমরা বামপন্থার পুনরুত্থান ঘটাতে চাই। জোট নিয়ে বোঝাপড়া অনেকদূর এগিয়েছে। বিজেপি ও তৃণমূল বিরোধী সব শক্তিকে একত্রিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
উল্লেখ্য, এবার বাংলায় ভোট হচ্ছে দুই দফায়— ২৩ ও ২৯ এপ্রিল। ফল প্রকাশ ৪ মে। প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহলসহ ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। ঠিক তার আগেই প্রার্থী ঘোষণা করে প্রচারে অনেকটা এগিয়ে থাকতে চাইছে বামেরা।