‘ভাতা দিয়ে ভোট মিলবে না!’ মমতাকে তোপ দেগে মমতার চেয়েও বড় প্রতিশ্রুতির বোমা ফাটালেন শমীক

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়ল বিজেপি। রবিবার নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানানোর ঠিক পরেই বাংলার মানুষের জন্য একগুচ্ছ বড় প্রতিশ্রুতি দিলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিশেষ করে মহিলা ভোটার এবং চাকরিপ্রার্থীদের লক্ষ্য করে একগুচ্ছ ‘মাস্টারস্ট্রোক’ ঘোষণা করলেন তিনি।
শমীক ভট্টাচার্য এদিন স্পষ্ট জানিয়েছেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসিক ভাতার পরিমাণ বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে, যা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। পাশাপাশি, নিয়োগ দুর্নীতিতে জর্জরিত বাংলায় বঞ্চিত চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করেছেন তিনি। শমীকের কথায়, “তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যারা বঞ্চিত হয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে সেই সব চাকরিপ্রার্থীদের সরকারি চাকরিতে ৫ বছরের বয়সের ছাড় দেওয়া হবে।”
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএ (DA) বৃদ্ধি এবং পুরোহিত-মোয়াজ্জেম ভাতা বাড়ানোর ঘোষণাকে ‘নির্বাচনী গিমিক’ বলে কটাক্ষ করেন শমীক। তিনি পাল্টা আশ্বাস দেন যে, বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে সপ্তম পে-কমিশনের ডিএ দেওয়া শুরু হবে। এছাড়াও, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে এক বছরের মধ্যে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ এবং শিল্পায়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জমি অধিগ্রহণের ক্ষেত্রেও কৃষকদের বাজারমূল্যের তিন গুণ দাম দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য বিজেপি সভাপতি। কমিশনের দুই দফায় ভোট করানোর সিদ্ধান্তকেও এদিন পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।