লক্ষ্মীর ভাণ্ডার ছাপিয়ে ‘অন্নপূর্ণা’! বিজেপি এলে মহিলারা পাবেন মাসে ৩০০০ টাকা, বড় ঘোষণা শমীকের

রবিবার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মমতার ডিএ এবং ভাতা বৃদ্ধিকে কটাক্ষ করে তিনি জানান, স্রেফ ভাতা দিয়ে এবার আর বৈতরণী পার হওয়া যাবে না। বিজেপি ক্ষমতায় এলে কী কী করবে, তার একগুচ্ছ প্রতিশ্রুতির কথা শুনিয়েছেন তিনি।

বিজেপির প্রধান প্রতিশ্রুতিগুলি:

  • মহিলাদের জন্য ৩০০০ টাকা: বিজেপি ক্ষমতায় এলে ‘অন্নপূর্ণা লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।

  • বঞ্চিত চাকরিপ্রার্থীদের বয়সে ছাড়: নিয়োগ দুর্নীতির জেরে যারা বঞ্চিত হয়েছেন, মেধার ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে তাঁদের বয়সে ৫ বছরের ছাড় দেওয়া হবে।

  • সপ্তম বেতন কমিশন: সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের নিরিখে বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হবে।

  • কৃষি ও শিল্প: তিন ফসলি জমি নেওয়া হবে না। শিল্পের জন্য জমি নিলে বাজারমূল্যের ৩ গুণ দাম এবং দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই শিল্পে কৃষকদের অংশীদারিত্বও থাকবে।

  • পরিযায়ী শ্রমিক: এক বছরের মধ্যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন শমীক।