ভোটের ঠিক আগেই ইমাম-পুরোহিতদের ভাতা বৃদ্ধি! মমতার মাস্টারস্ট্রোকে কি বিধিভঙ্গ? জানিয়ে দিল কমিশন।

বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগেই এক বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিতদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। এর ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে ভাতা পাবেন। ভোটের দিনক্ষণ ঘোষণার মুখে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়লেও, জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এই ঘোষণায় ‘আদর্শ আচরণবিধি’ (Model Code of Conduct) লঙ্ঘিত হয়নি।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দেন, “আদর্শ আচরণবিধি বলবৎ হয় নির্বাচনের তারিখ ঘোষণার মুহূর্ত থেকে। তার আগে রাজ্য সরকার কী ঘোষণা করল, সেটা তাদের এক্তিয়ারভুক্ত।” মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) জানিয়েছেন, আধ্যাত্মিক ও সামাজিক জীবনকে সচল রাখা এই সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, এবার বাংলায় ২৩ ও ২৯ এপ্রিল মাত্র দুই দফায় ভোট হবে এবং ফলাফল প্রকাশিত হবে ৪ মে।