ডিএ ঘোষণা হতেই রণংদেহি মেজাজে সংগ্রামী যৌথমঞ্চ! বাঘ রক্তের স্বাদ পেয়েছে, হুঁশিয়ারি ভাস্কর ঘোষের

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণার ঠিক আগেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা (DA) মেটানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, ২০০৯ রোপা (ROPA) অনুসারে বকেয়া ডিএ এই মাস থেকেই সরকারি কর্মচারী, শিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মী এবং অবসরপ্রাপ্তদের দেওয়া শুরু হবে। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাভাবিক সৌজন্য না বলে নিজেদের ‘দীর্ঘ লড়াইয়ের জয়’ হিসেবেই দেখছে সংগ্রামী যৌথমঞ্চ।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক ভাস্কর ঘোষ এক কড়া বার্তায় বলেন, “বাঘ যখন রক্তের স্বাদ পায়, তখন তার তেজ আরও বাড়ে।” তাঁর দাবি, গত তিন বছর ধরে রাজ্য সরকারি কর্মীরা যে লাগাতার আন্দোলন এবং ধর্মঘট চালিয়েছেন, তারই চাপে পড়ে ভোট ঘোষণার ঠিক আগে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। তিনি স্পষ্ট করে দেন যে, আন্দোলন এখানেই থেমে থাকবে না। বকেয়া ডিএ-র পাশাপাশি শূন্যপদে স্বচ্ছ নিয়োগ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে লড়াই আরও তীব্র হবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। বাকি ৭৫ শতাংশ মেটানোর জন্য একটি চার সদস্যের কমিটি গঠনেরও নির্দেশ ছিল। আদালতের সেই ডেডলাইন এবং ১৫ এপ্রিলের রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকেই সরকার এই ঘোষণা করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আইনজীবী ফিরদৌস শামিমও এটিকে কর্মচারীদের বড় জয় হিসেবে দেখছেন, তবে সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন তাঁরা।