‘গোলমাল ৫’-এ বড় ধামাকা! ২০ বছর পর ফিরছেন শারমান, সিনেমায় এন্ট্রি নিলেন অক্ষয়!

বলিউডের ইতিহাসে অন্যতম সফল কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’ নিয়ে ফিরছেন পরিচালক রোহিত শেঠি। গত শনিবার নিজের জন্মদিনে ‘গোলমাল ৫’-এর আনুষ্ঠানিক ঘোষণা করে দর্শকদের বড়সড় সারপ্রাইজ দিলেন তিনি। স্রেফ ঘোষণা নয়, একটি ধামাকাদার প্রোমো ভিডিও শেয়ার করে বুঝিয়ে দিলেন, এবার হাসির ডোজ হবে ডবল!

পুরনো বন্ধুদের সাথে নতুন ‘সুপারস্টার’: ভিডিওতে দেখা গিয়েছে গোলমাল-এর সেই চিরচেনা টিমকে— অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু এবং তুষার কাপুর। তবে দর্শকদের সবথেকে বড় পাওনা হলো শারমান যোশীর কামব্যাক। ২০০৬ সালে সিরিজের প্রথম কিস্তির পর তাঁকে আর দেখা যায়নি। দীর্ঘ ২০ বছর পর আবারও ‘লক্ষ্মণ’-এর চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় ভক্তরা।

অক্ষয় কুমারের ‘ন্যাড়া’ লুক: প্রোমো ভিডিওর সবথেকে বড় ট্যুইস্ট তোলা ছিল শেষের জন্য। কালো কুর্তা-পাজামা, চোখে রোদচশমা এবং ন্যাড়া মাথার লুকে হাজির হলেন খিলাড়ি অক্ষয় কুমার। তাঁর এই লুকে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। গোলমাল পরিবারে যুক্ত হওয়া নিয়ে অক্ষয় লিখেছেন, “রোহিত শেঠির জন্মদিনে উন্মাদনা এবার আরও বাড়বে। এই পাগল সদস্যদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।”

আবেগপ্রবণ রোহিত শেঠি: ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ দিয়ে যে সফর শুরু হয়েছিল, তা আজ বলিউডের ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। রোহিত শেঠি জানান, এই ফ্র্যাঞ্চাইজি তাঁর জীবন বদলে দিয়েছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁর পুরো টিম আবারও বিনোদনের নতুন এক যাত্রা শুরু করছে।

টি-সিরিজ ও রোহিত শেঠি পিকচার্সের ব্যানারে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই মেগা প্রজেক্টের শুটিং। অজয়-অক্ষয় জুটির রসায়ন আর গোলমাল টিমের পাগলামি বক্স অফিসে ফের নতুন রেকর্ড গড়ে কি না, সেটাই এখন দেখার।