ভরদুপুরে বালুরঘাটে বীভৎস অ্যাসিড হামলা! ঝলসে গেলেন জেলা হাসপাতালের মহিলা কর্মী

দিনের আলোয় জনবহুল এলাকায় অ্যাসিড হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। আক্রান্ত মহিলার নাম সন্তোষী রজক (৩৯), তিনি বালুরঘাট জেলা হাসপাতালের ইউএসজি বিভাগের অস্থায়ী কর্মী। শনিবার কাজ সেরে টোটোয় চড়ে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর বিএম হাইস্কুলের কাছে তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা।
ঘটনার বিবরণ: স্থানীয়রা জানিয়েছেন, স্কুলের পাঁচিলের আড়াল থেকে আচমকাই সন্তোষী দেবীকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয়। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অ্যাসিডে তাঁর বাম হাত ও পায়ের বেশ কিছু অংশ গুরুতরভাবে ঝলসে গিয়েছে। ঘটনাস্থল থেকে অ্যাসিড ভর্তি একটি বোতল উদ্ধার করেছে বালুরঘাট থানার পুলিশ।
নেপথ্যে কী কারণ? আক্রান্তের পরিবার সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। উল্লেখ্য, সন্তোষী দেবীর স্বামী আইএনটিটিইউসি (INTTUC)-র প্রাক্তন শহর সভাপতি ছিলেন, যাঁর কয়েক বছর আগেই মৃত্যু হয়েছে। বর্তমানে মা ও মেয়েকে নিয়ে একাই লড়াই চালাচ্ছিলেন তিনি। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।