নদীয়ায় পুলিশের মেগা অপারেশন! আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী, বড়সড় নাশকতার ছক বানচাল

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগেই নদীয়ার তাহেরপুর থানা এলাকায় বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে বীরনগরের বিলপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় তাহেরপুর থানার একটি বিশেষ দল। সেখান থেকেই আগ্নেয়াস্ত্র-সহ হৃদয় মজুমদার নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

পুলিশি তৎপরতা: পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির কাছ থেকে একটি ওয়ান শটার দেশি পিস্তল এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত হৃদয় মজুমদারের বাড়ি বীরনগর এলাকাতেই। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো বড়সড় অপরাধ করার উদ্দেশ্যেই সে এলাকায় ঘোরাফেরা করছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে রানাঘাট আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।