বিয়ের প্রলোভন দেখিয়ে স্টেশনে ডেকে সর্বনাশ! ট্রেনের ফাঁকা বগিতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল সাহেবগঞ্জ

ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে মহারাজপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ফাঁকা বগিতে ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। বাংলা লাগোয়া এই স্টেশনে শনিবারের এই নক্কারজনক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবক পরমেশ মাহতো নাবালিকাটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে স্টেশনে নিয়ে গিয়েছিল বলে পুলিশের কাছে প্রাথমিক বয়ান দিয়েছে নির্যাতিতা।
কী ঘটেছিল সেদিন? জিআরপি (GRP) সূত্রে খবর, নাবালিকাটি তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে কাজ করার সময় অভিযুক্ত পরমেশ সেখানে আসে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে আলোচনার নাম করে মহারাজপুর স্টেশনে ডেকে নেওয়া হয়। এরপর ১ নম্বর প্ল্যাটফর্মের কাছে শান্টিং ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ফাঁকা কামরায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
তদন্তে পুলিশ: নাবালিকাটি বাড়িতে ফিরে পরিবারের কাছে সব জানালে জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তকারী আধিকারিক শিবানী হাঁসদা জানিয়েছেন, নাবালিকাটির বয়ান রেকর্ড করা হয়েছে এবং ইতিমধ্যেই তার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। অভিযুক্ত পরমেশ মাহতো বর্তমানে পলাতক, তার খোঁজে সাহেবগঞ্জ ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।