বিয়ের নামে মরণফাঁদ! পাত্র এইচআইভি পজিটিভ জেনে বিয়ে ভাঙতেই পাত্রীকে এইডসের ইঞ্জেকশন দিয়ে ‘প্রতিশোধ’

বিয়ের ঠিক আগেই প্রেম আর সম্পর্কের দোহাই দিয়ে এক তরুণীকে চিরতরে শেষ করে দেওয়ার চেষ্টা করল তাঁরই হবু স্বামী। পাত্র এইচআইভি (HIV) পজিটিভ জেনে পাত্রীর পরিবার বিয়ে বাতিল করতেই ঘটে গেল ভয়ংকর কাণ্ড। রাগের চোটে ২৪ বছরের ওই যুবক তাঁর ২২ বছরের হবু স্ত্রীকে এইচআইভি-র ইঞ্জেকশন দিয়ে ‘প্রতিশোধ’ নিলেন। হায়দরাবাদের এই ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার প্রেক্ষাপট: পুলিশ সূত্রে খবর, গত বছর সেপ্টেম্বর মাসে পাত্রের শারীরিক পরীক্ষা করানো হলে জানা যায় তিনি এইডস আক্রান্ত। এরপরই পাত্রীর পরিবার বিয়ে ভেঙে দেয়। কিন্তু অভিযুক্ত যুবক তা মেনে নিতে পারেননি। গত ১১ মার্চ তিনি তরুণীর ওপর হামলা চালান এবং ইনজেকশনের মাধ্যমে তাঁর শরীরে সংক্রমিত রক্ত বা ভাইরাস প্রবেশ করান। বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।
ক্রমাগত বাড়ছে এমন ঘটনা: উল্লেখ্য, গত মাসেই অন্ধ্রপ্রদেশের কুর্নুলে এক নার্স তাঁর প্রাক্তন প্রেমিকের স্ত্রীকে একইভাবে এইচআইভি ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করেছিলেন। হায়দরাবাদের এই ঘটনায় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে। পলাতক যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ব্যক্তিগত প্রতিহিংসা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, এই ঘটনা আবারও তা প্রমাণ করে দিল।