পেট্রল-ডিজ়েল নিয়ে কেন্দ্রের কড়া নির্দেশিকা! খোলা ড্রাম বা বোতলে তেল কেনা নিষিদ্ধ, কড়া অ্যাকশন পাম্পের বিরুদ্ধে

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে জ্বালানি সংকটের আশঙ্কায় দেশজুড়ে পেট্রোল পাম্পগুলিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই প্লাস্টিকের বোতল বা খোলা ড্রামে তেল মজুত করার চেষ্টা করছেন। এই পরিস্থিতি মোকাবিলায় এবার কঠোর নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, কোনো অবস্থাতেই অসুরক্ষিত বা অনুপযুক্ত পাত্রে (যেমন বোতল বা খোলা ড্রাম) পেট্রল-ডিজ়েল বিক্রি করা যাবে না।
কেন এই কড়াকড়ি? কেন্দ্রের মতে, অনুপযুক্ত পাত্রে জ্বালানি তেল সংরক্ষণ করা অত্যন্ত বিপজ্জনক এবং এতে বড় ধরণের অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে। পেট্রোল পাম্পগুলিকে সতর্ক করে বলা হয়েছে, যদি নিয়মের বাইরে গিয়ে কাউকে তেল দেওয়া হয়, তবে সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং লাইসেন্স বাতিল হতে পারে।
জোগান ও দাম নিয়ে মন্ত্রীর আশ্বাস: কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, ভারতে পেট্রল-ডিজ়েলের পর্যাপ্ত জোগান রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রতিবেশী দেশ পাকিস্তান বা বাংলাদেশে সংকট তৈরি হলেও ভারতে এখনই দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। পাম্পে অযথা ভিড় না করার এবং আতঙ্কিত হয়ে তেল মজুত না করার অনুরোধ জানিয়েছে সরকার।