মুন্দ্রা ও কান্ডলা বন্দরে ভিড়বে ট্যাঙ্কার! রান্নার গ্যাসের আকাল মিটতে চলেছে বঙ্গেও, জানাল কেন্দ্র

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের মাঝে ভারতীয় হেঁশেলের জন্য এল সবথেকে বড় সুখবর। ইরান ও ইজরায়েলের যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে আটকে পড়া ভারতীয় এলপিজি (LPG) ট্যাঙ্কারগুলিকে ছাড়পত্র দিয়েছে তেহরান। বন্দর মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, ভারতের ‘শিবালিক’ ও ‘নন্দাদেবী’ নামক দুটি বিশালাকার জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের অভিমুখে রওনা দিয়েছে।
কতটা গ্যাস আসছে? এই দুটি জাহাজে মোট ৯২ হাজার ৭০০ মেট্রিক টন এলপিজি রয়েছে। আগামী ১৬ ও ১৭ মার্চের মধ্যে জাহাজ দুটি গুজরাটের মুন্দ্রা ও কান্ডলা বন্দরে এসে পৌঁছাবে। এর ফলে দেশজুড়ে রান্নার গ্যাসের সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে।
বাকি জাহাজের কী হবে? হরমুজ প্রণালীতে ভারতের আরও ২২টি জাহাজ অপেক্ষমাণ। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, বন্ধুত্বের খাতিরে তাঁরা ভারতের জাহাজগুলিকে নির্বিঘ্নে যাওয়ার অনুমতি দিচ্ছেন। সরকারের আশ্বাস ছিলই, এবার বাস্তবে গ্যাসের জোগান নিশ্চিত হওয়ায় খুশির হাওয়া দেশবাসীর মনে।