নববর্ষের পরেই কি বাংলায় ভোট? আজই দিল্লির বিজ্ঞান ভবন থেকে চূড়ান্ত ঘোষণা

অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গ-সহ ভারতের মোট পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। আজ, রবিবার বিকেল ৪টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক হাই-প্রোফাইল সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের এই ঘোষণার সাথে সাথেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে জারি হয়ে যাবে নির্বাচনী আদর্শ আচরণবিধি (Model Code of Conduct)।
বাংলার ভোটে বড় রদবদল? রাজনৈতিক মহলে সবথেকে বড় জল্পনা এখন পশ্চিমবঙ্গের দফার সংখ্যা নিয়ে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় নজিরবিহীনভাবে আট দফায় ভোটগ্রহণ হয়েছিল। তবে সূত্রের খবর, এবার দফার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারে কমিশন। মনে করা হচ্ছে, এবার মাত্র ২ থেকে ৩ দফাতেই ভোটপ্রক্রিয়া সম্পন্ন হতে পারে বাংলায়। বিজেপি, বাম এবং কংগ্রেসের মতো বিরোধী দলগুলি কম দফায় ভোটের দাবি জানিয়েছিল। কমিশন কি তবে বিরোধীদের দাবিতেই সিলমোহর দিতে চলেছে? আজ বিকেলেই মিলবে তার উত্তর।
ভোটের সম্ভাব্য তারিখ ও প্রস্তুতি: কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটগ্রহণ হতে পারে বাংলা নববর্ষের ঠিক পরে, অর্থাৎ ১৪ই এপ্রিলের পর। পাঁচ রাজ্যের বিধানসভার মেয়াদ মে এবং জুন মাসের মধ্যে শেষ হচ্ছে, তাই এপ্রিলের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সেরে ফেলতে চায় কমিশন। যদিও পশ্চিমবঙ্গের ভোটার তালিকা (SIR) নিয়ে কিছুটা টালবাহানা রয়েছে, তবে তা ভোট ঘোষণায় বাধা হবে না বলেই জানা গিয়েছে। সুষ্ঠু ও সহিংসতামুক্ত ভোট নিশ্চিত করতে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন আগেই জানিয়ে দিয়েছে।