বাংলায় কি মাত্র ৩ দফায় ভোট? আজ বিকেল ৪টেয় ভাগ্যনির্ধারণ করবে নির্বাচন কমিশন!

অপেক্ষার অবসান। অবশেষে ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ-সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। আজ, রবিবার বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে ভারতের নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই ঘোষণা করা হবে। কমিশনের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) কার্যকর হয়ে যাবে।

রাজনৈতিক মহলে সবথেকে বড় প্রশ্ন—বাংলায় এবার ক’দফায় ভোট? ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আট দফায় ভোটগ্রহণ হয়েছিল। তবে সূত্রের খবর, এবার দফার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। শোনা যাচ্ছে, কমিশন এবার বাংলায় মাত্র তিন দফায় ভোট সম্পন্ন করার পরিকল্পনা করছে। তবে দফার সংখ্যা কমলেও নিরাপত্তার বিষয়ে কোনো আপস করতে নারাজ কমিশন। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলোতে কড়া নজরদারি চালানো হবে।

সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিনীত যোশীকে নিয়ে গঠিত কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গ সফর করেছিল। সেই সফরে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ও ভোট প্রক্রিয়ার প্রস্তুতি খতিয়ে দেখা হয়। কমিশনের মূল লক্ষ্য হলো কোনো প্রকার হিংসা ছাড়াই নির্বাচন সম্পন্ন করা।

এদিকে ভোটার তালিকা নিয়েও বড় আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ এখনও সম্পূর্ণ না হলেও, কয়েক লক্ষ নাম নিয়ে স্ক্রুটিনি চলছে। আগে প্রায় ৬৩ লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। বর্তমানে কয়েক লক্ষ নাম ‘বিচারাধীন’ তালিকায় রয়েছে। কমিশন স্পষ্ট করেছে, ভোটের আগে যাদের নামের নিষ্পত্তি হবে, তাঁরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। মে-জুন মাসের মধ্যে রাজ্যগুলির বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, তাই এপ্রিল-মে মাসেই ভোট প্রক্রিয়া সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।