আজই বাজবে যুদ্ধের দামামা! বিকেলেই বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা? নজর কমিশনের মেগা বৈঠকে

অবশেষে অপেক্ষার অবসান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রণভেরি বাজতে চলেছে আজই। নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গ সহ মোট পাঁচটি রাজ্যের ভোটের নির্ঘণ্ট আজই ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা রাজনৈতিক মহলে।
বিকেলেই ভাগ্য নির্ধারণ: গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে ১৫ বা ১৬ মার্চের মধ্যেই ঘোষণা হবে দিনক্ষণ। শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাইভোল্টেজ ব্রিগেড সভা শেষ হওয়ার পর এই সম্ভাবনা আরও তীব্র হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে প্রধানমন্ত্রীর সভার পরেই কমিশন দিন ঘোষণা করতে পারে। সেই জল্পনা সত্যি করে আজই বিকেল ৪টেয় সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছে কমিশন।
কয় দফায় ভোট বঙ্গে? বাংলার নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো ‘দফা’। ২০২১ সালে আট দফায় নির্বাচন হয়েছিল। এবার বাম-বিজেপি থেকে শুরু করে শাসকদল—প্রায় সব পক্ষই দাবি জানিয়েছে কম দফায় ভোট করার। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি রাজ্য সফরে এসে সব পক্ষের মতামত শুনেছেন। তবে বুথ সংখ্যা, স্পর্শকাতর বুথের পরিস্থিতি এবং কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ততা বিচার করেই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
৫ রাজ্যে একসাথে ভোট: শুধু পশ্চিমবঙ্গ নয়, আজ একইসাথে তামিলনাড়ু, অসম, কেরালা এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টও ঘোষণা হতে পারে। কোন রাজ্যে কত দফায় ভোট এবং ফলাফল কবে—বিকেল চারটের পরই স্পষ্ট হয়ে যাবে সেই ছবি। এখন দেখার, নির্বাচন কমিশন বাংলাবাসীকে কত দফার ভোটের ‘সারপ্রাইজ’ দেয়।