মণীশ মিশ্রের জায়গায় সুনীল আগরওয়াল, শিলিগুড়ির কমিশনার ও জেলাশাসককে দিল্লিতে তলব কেন্দ্রের!

শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুষ্ঠানের স্থান পরিবর্তন ও প্রোটোকল ভঙ্গের বিতর্ক এবার এক নজিরবিহীন প্রশাসনিক সংঘাতের রূপ নিল। যে দুই আধিকারিকের ওপর রাষ্ট্রপতির সফরের দায়িত্ব ছিল, সেই দার্জিলিঙের জেলাশাসক (DM) মণীশ মিশ্র এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার (CP) সি সুধাকরকে দিল্লিতে ডেপুটেশনে তলব করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই পদক্ষেপের পরেই পাল্টা চাল চালল নবান্ন।

জেলাশাসক বদলি: কেন্দ্রীয় সরকারের চিঠির পরেই দার্জিলিঙের জেলাশাসক মণীশ মিশ্রকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দার্জিলিঙের নতুন জেলাশাসক হিসেবে নিযুক্ত হলেন সুনীল আগরওয়াল। সুনীলবাবু এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের স্পেশাল সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। অন্যদিকে, মণীশ মিশ্রকে বদলি করা হয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব পদে।

নবান্ন বনাম কেন্দ্র: নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার সম্ভবত কোনও অফিসারকেই কেন্দ্রীয় ডেপুটেশনে ছাড়তে রাজি নয়। সাধারণত এই ধরণের ডেপুটেশনের ক্ষেত্রে রাজ্যের মতামতের প্রয়োজন হয়। রাজনৈতিক মহলের মতে, রাষ্ট্রপতি ভবনের অসন্তোষ এবং বিজেপির ‘প্রোটোকল ভঙ্গ’-এর অভিযোগের পরেই কেন্দ্র এই দুই আধিকারিককে দিল্লিতে ডাক পাঠিয়ে রাজ্যের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু তাঁদের গুরুত্বপূর্ণ পদে বদলি করে রাজ্য সরকার স্পষ্ট বুঝিয়ে দিল যে, তারা এই অফিসারদের পাশেই আছে।