ভোট ঘোষণার আগেই বড় ধামাকা! প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে নাম ফিরছে ৮ লক্ষ ভোটারের?

পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ভোটারের ভাগ্য নিয়ে দীর্ঘ টানাপোড়েনের অবসান হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহেই প্রকাশিত হতে পারে বহুল প্রতীক্ষিত প্রথম ‘সাপ্লিমেন্টারি ভোটার তালিকা’। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় যে ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন ছিল, তার মধ্যে ইতিমধ্য়েই ১৫ লক্ষ নামের নিষ্পত্তি করা হয়েছে। এর ফলে ভোট ঘোষণার ঠিক আগেই লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার পথ প্রশস্ত হলো।

১৫ লক্ষের ফয়সালা, কার পাল্লা ভারি? কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এই ১৫ লক্ষ ভোটারের মধ্যে ৮ লক্ষেরও বেশি মানুষের নাম ভোটার তালিকায় বহাল রাখা হয়েছে, অর্থাৎ তাঁরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে ৫ লক্ষের বেশি ভোটার এই তালিকায় জায়গা পাননি। তাঁদের ভাগ্য এখন সুপ্রিম কোর্ট নির্ধারিত বিশেষ ট্রাইব্যুনালের হাতে। বাকি ৩৫ লক্ষ ভোটারের বিচারপ্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করার কাজ চলছে। বর্তমানে বাংলায় প্রায় ৫০০ জন বিচারক দিনরাত এক করে এই ভোটারদের ভাগ্য নির্ধারণ করছেন।

সোমবারই কি ভোটের দিনক্ষণ? রাজ্য রাজনীতির অন্দরে খবর, আগামী সোমবার অর্থাৎ ১৬ মার্চ জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে এপ্রিল মাসেই এক বা দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। এপ্রিলের শেষ দিকেই ফল প্রকাশ হতে পারে। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করে দিয়েছেন যে, ভোটের আগেই সমস্ত বিচারাধীন ভোটারের বিষয়টির নিষ্পত্তি করতে হবে। প্রধান বিচারপতির নির্দেশ মেনেই কমিশন এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পথে হাঁটছে।

তৃণমূলের আর্জি ও আদালতের অবস্থান: গত সপ্তাহে তৃণমূলের তরফে বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ নিয়ে সুপ্রিম কোর্টে একটি ডেপুটেশন দেওয়া হলেও প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ তাতে বিরক্তি প্রকাশ করে। আদালত সাফ জানিয়ে দেয়, বিচারপ্রক্রিয়া সঠিক পথেই এগোচ্ছে এবং সিইসি জ্ঞানেশ কুমারও বাংলায় এসে আশ্বাস দিয়েছেন যে কোনও যোগ্য ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়েন। ভোটার তালিকার এই মেগা স্ক্রিনিং এবং দ্রুত নিষ্পত্তি আসন্ন নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।