অষ্টম পে কমিশন: বেতন একলাফে বাড়বে ৫৮,৫০০ টাকা? ১ জানুয়ারি থেকেই কার্যকর নয়া নিয়ম!

অষ্টম কেন্দ্রীয় পে কমিশন (8th Pay Commission) গঠনের আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই দেশের প্রায় ১ কোটি ১৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে খুশির হাওয়া। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই কমিশনের কাজ এখন জোরকদমে শুরু হয়েছে। নয়াদিল্লির চন্দরলোক বিল্ডিং থেকে বেতন সংশোধনের উচ্চ-পর্যায়ের প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে।

কবে থেকে কার্যকর হবে নয়া বেতন? সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। ফলে নিয়ম অনুযায়ী, অষ্টম পে কমিশনের সুপারিশগুলি ১ জানুয়ারি ২০২৬ থেকেই কার্যকর হওয়ার কথা। যদিও কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে ২০২৭ সালের মে মাস পর্যন্ত সময় লাগতে পারে, তবে সরকারি কর্মীরা ১ জানুয়ারি ২০২৬ থেকেই সমস্ত বর্ধিত বেতন এবং বকেয়া বা এরিয়ার (Arrears) পাবেন।

বেতন ও পেনশন কত বাড়তে পারে? কর্মচারী ইউনিয়নগুলি এবার জোরালো দাবি জানিয়েছে। তাঁদের দাবি:

  • ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৬ থেকে বাড়িয়ে ৩.২৫ করতে হবে।

  • বার্ষিক ইনক্রিমেন্ট ৩% থেকে বাড়িয়ে ৫% করতে হবে।

    যদি সরকার ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টর গ্রহণ করে, তবে সর্বনিম্ন বেসিক বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ৫৮,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। পাশাপাশি, সর্বনিম্ন পেনশন ৯,০০০ টাকা থেকে বেড়ে ২৫,০০০ টাকা ছাড়িয়ে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

মতামত জানানোর নয়া ডিজিটাল নিয়ম: এবার আর ইমেল বা চিঠিপত্র নয়, স্টেকহোল্ডারদের মতামত জানাতে হবে ডিজিটাল মাধ্যমে। সরকার MyGov.in পোর্টালে ১৮টি প্রশ্নের একটি অনলাইন প্রশ্নপত্র প্রকাশ করেছে। ১৬ মার্চ ২০২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৬-এর মধ্যে এই মতামত জানানো যাবে।

সতর্কবার্তা: এই বেতন কমিশনকে কেন্দ্র করে সাইবার অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রক কর্মচারীদের সতর্ক করে জানিয়েছে, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া কোনও ভুয়ো ‘স্যালারি ক্যালকুলেটর’ বা এপিপি (APK) ফাইল ডাউনলোড করবেন না। এটি আপনার ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করার ফাঁদ হতে পারে।