কৃষকদের জন্য বড় খবর! আজই অ্যাকাউন্টে ঢুকছে পিএম কিষাণ-এর ২০০০ টাকা, লিস্টে আপনার নাম আছে তো?

দেশের কোটি কোটি অন্নদাতার জন্য অপেক্ষার অবসান হতে চলেছে আজই। কেন্দ্রীয় সরকার আজ, ১৩ মার্চ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM-KISAN) বহুল প্রতীক্ষিত ২২তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেল ৫টায় গুয়াহাটি থেকে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ৯ কোটিরও বেশি কৃষকের জন্য মোট ১৮,৬৪০ কোটি টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) মোডের মাধ্যমে রিলিজ করবেন।
কারা পাবেন এই সুবিধা? ২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকার আর্থিক সহায়তা দেয়। এই টাকা বছরে তিনটি কিস্তিতে (প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে) দেওয়া হয়। আজ সেই প্রকল্পেরই ২২তম কিস্তি পেতে চলেছেন দেশের যোগ্য কৃষকরা। প্রধানমন্ত্রী এক ক্লিকেই এই বিশাল অঙ্কের টাকা দেশের কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। টাকা জমা পড়ার সাথে সাথেই কৃষকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস (SMS) পৌঁছে যাবে।
বাড়িতে বসেই স্টেটাস চেক করবেন কীভাবে? আপনার নাম তালিকায় আছে কিনা বা কিস্তির টাকা পাবেন কি না, তা যাচাই করা এখন অত্যন্ত সহজ। নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন:
-
প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান।
-
হোমপেজে থাকা ‘Know Your Status’ অপশনে ক্লিক করুন।
-
আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর দিন এবং স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি সঠিক ভাবে লিখুন।
-
এরপর মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে ভেরিফাই করলেই আপনার স্ক্রিনে পেমেন্টের বর্তমান অবস্থা ভেসে উঠবে।
টাকা পেতে সমস্যা হলে কী করবেন? যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তবে নিশ্চিত করুন আপনার eKYC এবং আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক সম্পন্ন হয়েছে কিনা। ই-কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে টাকা পেতে দেরি হতে পারে। টাকা তোলার জন্য ব্যাঙ্কে যাওয়ার ঝক্কি এড়াতে নিকটস্থ কমন সার্ভিস সেন্টার (CSC), ফেয়ার প্রাইস শপ বা কৃষক উৎপাদক সংস্থার (FPO) সাহায্য নিতে পারেন। এছাড়াও DigiPay বা DigiPay Lite অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই এই সুবিধা নেওয়া সম্ভব।