ইরানে হামলার আঁচ কাশ্মীরে! শ্রীনগরে কড়া নিষেধাজ্ঞা, জামা মসজিদে নমাজে বাধা

ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন ও ইজরায়েলি হামলার প্রতিবাদে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীর। বিশেষ করে উপত্যকার শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়ে রাস্তায় নামেন সাধারণ মানুষ। বুদগাম ও মাগম এলাকায় ছোট ছোট বিক্ষোভ মিছিল থেকে প্যালেস্টাইনের প্রতি সংহতি জানানো হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য শ্রীনগর-সহ উপত্যকার বিভিন্ন সংবেদনশীল এলাকায় জনসমাবেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন।
রমজানের শেষ শুক্রবার অর্থাৎ ‘জুমা-তুল-বিদা’ এবং ‘ইয়াম-উল-কুদ্স’ (প্যালেস্টাইনের সমর্থন দিবস) উপলক্ষ্যে বড়সড় বিক্ষোভের আশঙ্কা ছিল প্রশাসনের। সেই কারণে নিরাপত্তার দোহাই দিয়ে শ্রীনগরের ঐতিহাসিক জামা মসজিদ বন্ধ করে দেওয়া হয়। ফলে হাজার হাজার পুণ্যার্থী এদিন সেখানে জুম্মার নামাজ আদায় করতে পারেননি। প্রশাসনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, টানা সপ্তম বছর এই পবিত্র দিনে জামা মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হল, যা অত্যন্ত বেদনাদায়ক।
মাগম ও বুদগাম এলাকায় বিক্ষোভ এখন পর্যন্ত শান্তিপূর্ণ থাকলেও প্রশাসন কোনও ঝুঁকি নিতে নারাজ। শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। আধিকারিকরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি রুখতে পুরো উপত্যকার ওপর ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।