কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে! রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে শিলিগুড়ির সি কমিশনার ও দার্জিলিঙের ডিএম-কে তলব কেন্দ্রের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাত এক নজিরবিহীন মোড় নিল। রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান পরিবর্তন এবং প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ির পুলিশ কমিশনার (CP) সি সুধাকর এবং দার্জিলিঙের জেলাশাসক (DM) মণীশ মিশ্রকে কেন্দ্রীয় ডেপুটেশনে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নবান্ন সূত্রে খবর, এই বিষয়ে ইতিমদ্যেই রাজ্য সরকারের মতামত চেয়েছে কেন্দ্র।

ঘটনার সূত্রপাত গত শনিবার, যখন শিলিগুড়ির বাগডোগরায় আয়োজিত নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেন রাষ্ট্রপতি। অভিযোগ, প্রথমে অনুষ্ঠানটি ফাঁসিদেওয়ার একটি বড় মাঠে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পুলিশ-প্রশাসন অনুমতি না দেওয়ায় ৩২ কিমি দূরে বাগডোগরায় অনুষ্ঠানটি সরিয়ে আনা হয়। স্বয়ং রাষ্ট্রপতি এই নিয়ে উষ্মাপ্রকাশ করে বলেছিলেন, “জানি না প্রশাসনের কী হয়েছে।” এছাড়া তাঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে রাজ্যের কোনও মন্ত্রী উপস্থিত না থাকায় প্রোটোকল লঙ্ঘনের বিতর্ক দানা বাঁধে।

এই পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত দুই আমলার বিরুদ্ধে কেন্দ্রের এই কড়া অবস্থান নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় একইভাবে তিন পুলিশ আধিকারিককে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র, যা নিয়ে দীর্ঘ টানাপড়েন চলেছিল। নবান্ন সূত্রে খবর, এবারও সম্ভবত আধিকারিকদের ছাড়বে না রাজ্য সরকার। অন্যদিকে, এই বিতর্কের আবহেই তৃণমূল সাংসদদের সাক্ষাতের আবেদন ‘সময়ের অভাব’ দেখিয়ে খারিজ করেছে রাষ্ট্রপতি ভবন।