মায়ের ব্যাগ থেকে ৫০০ টাকা নিয়ে বৃন্দাবনে! প্রেমানন্দ মহারাজের শিষ্য হতে রহস্যজনকভাবে নিখোঁজ নাবালক

বৃন্দাবনের বিখ্যাত ধর্মগুরু প্রেমানন্দ জি মহারাজের মাহাত্ম্য এবার এক নাবালককে ঘরছাড়া করল। মধ্যপ্রদেশের ইন্দোরের খাজরানা থানা এলাকার এক ১৬ বছরের কিশোর আধ্যাত্মিকতার টানে বাড়ি থেকে বৃন্দাবনের পথে পাড়ি দিয়েছে। বাড়ি থেকে বেরনোর সময় সে জানিয়েছিল ক্রিকেট খেলতে যাচ্ছে, কিন্তু দীর্ঘ সময় না ফেরায় উদ্বিগ্ন পরিবার তার স্কুলব্যাগ থেকে একটি চাঞ্চল্যকর চিঠি উদ্ধার করে।

চিঠিতে ওই নাবালক লিখেছে, সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পেরেছে এবং প্রেমানন্দ মহারাজের সেবা করতে বৃন্দাবনে যাচ্ছে। অত্যন্ত আবেগঘনভাবে সে আরও যোগ করেছে, “আমি বৃন্দাবনে যাচ্ছি। মায়ের ব্যাগ থেকে ৫০০ টাকা নিয়েছি, যেটা আমার বন্ধুরা পরে ফেরত দিয়ে দেবে।” পরিবারের দাবি, ছেলেটি ছোট থেকেই অত্যন্ত শান্ত স্বভাবের এবং ধার্মিক। গত বেশ কিছুদিন ধরেই সে মোবাইলে প্রেমানন্দ মহারাজের ভিডিও দেখছিল এবং পরিবারের কাছে আধ্যাত্মিক জীবন নিয়ে আলোচনাও করেছিল।

ইন্দোরের অ্যাডিশনাল ডিসিপি রাজেশ দণ্ডোটিয়া জানিয়েছেন, নিখোঁজ ডায়েরি হওয়ার পরেই তল্লাশি শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, প্রেমানন্দ জি মহারাজ উত্তরপ্রদেশের বৃন্দাবনের রাধা কেলি কুঞ্জের এক প্রভাবশালী সাধু। ১৩ বছর বয়সে সংসার ত্যাগ করা এই মহারাজের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়, যা দেশের হাজার হাজার মানুষকে প্রভাবিত করছে। পুলিশ আশাবাদী দ্রুত ওই নাবালকের হদিশ পাওয়া যাবে।