ইউটিউবে বড় কোপ মোদী সরকারের! জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ব্লক হলো জনপ্রিয় এই চ্যানেল

ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আবারও বড়সড় প্রশ্ন উঠে গেল। কেন্দ্রীয় সরকারের কড়া নির্দেশে এবার ভারতে ব্লক করে দেওয়া হলো জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘4PM News’। জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে গত ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে ভারতের দর্শকদের জন্য এই চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিদেশের মাটিতে এখনও এটি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন চ্যানেলটির সম্পাদক তথা প্রবীণ সাংবাদিক সঞ্জয় শর্মা।
সঞ্জয় শর্মা জানিয়েছেন, ইউটিউবের পক্ষ থেকে পাঠানো একটি ইমেলে জানানো হয়েছে যে, ভারত সরকারের আইনি নির্দেশের কারণেই এই পদক্ষেপ। যদিও ঠিক কোন ভিডিও বা কন্টেন্টের জন্য এই শাস্তি, তার কোনও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। শর্মার অনুমান, সম্প্রতি ইরানের এক অধ্যাপকের নেওয়া একটি সাক্ষাৎকারের জেরেই এই কোপ। ওই ভিডিওতে তিনি ইরানের মতো বন্ধুরাষ্ট্রের প্রতি ভারত সরকারের কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার সরকারি রোষের মুখে পড়েছেন এই নির্ভীক সাংবাদিক। শর্মার দাবি, এর আগে পহেলগাঁও হামলায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা বা উত্তরপ্রদেশ নির্বাচনের সময়ও তাঁর চ্যানেল বন্ধ করা হয়েছিল। এমনকি তাঁকে বাৎসরিক ১০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই তাঁর সাংবাদিক স্বীকৃতি বাতিল, সরকারি ফ্ল্যাট কেড়ে নেওয়া এবং তাঁর সংবাদপত্রের বিজ্ঞাপন বন্ধ করার মতো হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ। বর্তমানে প্রায় ৮৫ লক্ষ সাবস্ক্রাইবার সমৃদ্ধ এই চ্যানেলের বিরুদ্ধে সরকারের এই পদক্ষেপে নতুন করে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের বিতর্ক মাথাচাড়া দিয়েছে।