ব্রিগেডে প্রধানমন্ত্রীর ভিভিআইপি মেগা সমাবেশ! ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণে নয়া গাইডলাইন প্রতিবেদন:

আগামীকাল, ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সমাবেশ। এই হাই-প্রোফাইল সমাবেশকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে নজিরবিহীন ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সাধারণ যান চলাচল নিয়ন্ত্রিত হবে। সমাবেশ উপলক্ষে উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির মিছিল আসার কথা রয়েছে, ফলে যানজট এড়াতে আগেভাগেই সতর্ক লালবাজার।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসপ্ল্যানেড র‍্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়ে পুরোপুরি ট্রাফিক নিয়ন্ত্রণের অধীনে থাকবে। এই সময়সীমার মধ্যে শহরে পণ্যবাহী ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে অত্যাবশ্যকীয় পরিষেবা যেমন—এলপিজি সিলিন্ডার, ওষুধ, দুধ, ফল, সবজি এবং অক্সিজেন বহনকারী গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

পার্কিংয়ের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা, হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড পর্যন্ত এজেসি বোস রোড এবং খিদিরপুর রোডে কোনো গাড়ি পার্ক করা যাবে না। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে আসা মিছিলের গতিপথ অনুযায়ী প্রয়োজনে ট্রাম চলাচল বন্ধ বা ডাইভার্ট করা হতে পারে। শহরবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে, জরুরি কাজ না থাকলে ব্রিগেডের আশেপাশের রাস্তা এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করতে। সমাবেশের নিরাপত্তার স্বার্থে মোতায়েন থাকছে বিশাল পুলিশ বাহিনী।