ভোটের মুখে মাস্টারস্ট্রোক মমতার! ৫টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বড় উপহার নবান্নের

আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বড়সড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার নবান্নের তরফে রাজ্যের পাঁচটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য পৃথক উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদ (Development Board) গঠনের কথা ঘোষণা করা হয়েছে। নিজের অফিসিয়াল এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই মুন্ডা (এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি) এবং সদগোপ (ওবিসি) সম্প্রদায়ের জন্য এই বোর্ডগুলি কাজ শুরু করবে। তাঁর মতে, এই পাঁচটি সম্প্রদায় বাংলার সমাজ ও লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যেই সরকার এই বিশেষ পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলি মূলত এই সম্প্রদায়গুলোর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কাজ করবে। পাশাপাশি তাদের নিজস্ব ভাষা ও ঐতিহ্য সংরক্ষণেও বিশেষ জোর দেওয়া হবে।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসসি, এসটি এবং ওবিসি ভোটব্যাঙ্ককে সংহত করতেই নবান্নের এই মাস্টারস্ট্রোক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বিরোধীরা একে ‘ভোটের রাজনীতি’ বলে কটাক্ষ করতে ছাড়েনি। তবে সরকারের দাবি, প্রান্তিক মানুষের উন্নয়নের মূলস্রোতে আনাই এর একমাত্র লক্ষ্য। উল্লেখ্য, এর ঠিক আগের দিনই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ‘ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড’ গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, কৃষক থেকে ব্যবসায়ী এবং প্রান্তিক জনগোষ্ঠী—সব পক্ষকেই ভোটের আগে কাছে টানতে মরিয়া নবান্ন।