সূর্যগ্রহণে কি ভারতবাসী পালন করবেন সূতক কাল? ২০২৬ সালের বিরল গ্রহণের সময় ও সূচি জেনে নিন

২০২৬ সালের মহাকাশ বিজ্ঞানের ক্যালেন্ডারে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে ১২ আগস্ট। এই দিনেই ঘটবে বছরের দ্বিতীয় এবং অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ। শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে হতে চলা এই গ্রহণকে ঘিরে ইতিমধ্যেই জ্যোতির্বিজ্ঞানী এবং সাধারণ মানুষের মনে তুঙ্গে উঠেছে কৌতূহল। ভারতের সময় অনুযায়ী বুধবার রাত থেকে শুরু হবে এই মহাজাগতিক দৃশ্য।

গ্রহণের সময় ও দিনক্ষণ উজ্জয়িনীর প্রখ্যাত জ্যোতিষাচার্য পণ্ডিত প্রবীণ দ্বিবেদীর মতে, আগামী ১২ আগস্ট ভারতীয় সময় অনুযায়ী রাত ৯টা বেজে ৪ মিনিটে গ্রহণ শুরু হবে এবং শেষ হবে গভীর রাত ১টা বেজে ২৭ মিনিটে। অর্থাৎ, এই বিরল সূর্যগ্রহণের মোট সময়কাল হতে চলেছে ৪ ঘণ্টা ২৪ মিনিট। শ্রাবণ মাসে এমন সূর্যগ্রহণের সংযোগ সচরাচর দেখা যায় না।

ভারত কি অন্ধকারে ডুববে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারতীয়রা কি এই গ্রহণ দেখতে পাবেন? জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। ১২ আগস্টের এই সূর্যগ্রহণ মূলত ইউরোপ, কানাডা এবং রাশিয়ার উত্তর-পূর্ব অংশ থেকে দৃশ্যমান হবে। অন্যদিকে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ (Total Solar Eclipse) উপভোগ করতে পারবেন আর্কটিক, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোর বাসিন্দারা। যেহেতু ভারতে তখন রাত থাকবে, তাই এই দৃশ্য চাক্ষুষ করার সুযোগ ভারতবাসী পাবেন না।

সূতক কাল ও ধর্মীয় বিশ্বাস হিন্দু ধর্মে সূর্যগ্রহণকে অশুভ মনে করা হয় এবং গ্রহণের ১২ ঘণ্টা আগে থেকে ‘সূতক কাল’ পালনের প্রথা রয়েছে। তবে শাস্ত্র অনুযায়ী, যে স্থানে গ্রহণ দেখা যায় না, সেখানে কোনো সূতক কাল বা ধর্মীয় বিধিনিষেধ প্রযোজ্য হয় না। যেহেতু ১২ আগস্টের গ্রহণ ভারত থেকে অদৃশ্য, তাই মন্দিরের দরজা বন্ধ থাকা বা খাওয়ার ওপর নিষেধাজ্ঞা—এমন কোনো নিয়ম এখানে পালন করার প্রয়োজন নেই।

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ইতিমধ্যেই ১৭ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। এবার বিশ্বের নজর ১২ আগস্টের সেই পূর্ণগ্রাস আঁধারের দিকে।