রান্নার গ্যাসের হাহাকার মেটাতে বড় পদক্ষেপ! রাজ্যে আসছে ৪১৬৪ কিলোলিটার কেরোসিন, জানুন নতুন দাম

রাজ্যজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট আর আকাশছোঁয়া দামের মাঝে সাধারণ মানুষের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। সিলিন্ডার রিফিল করতে গিয়ে যখন নাভিশ্বাস উঠছে আমজনতার, তখন বিকল্প হিসেবে বাজার ও রেশন দোকানে অতিরিক্ত কেরোসিন সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী লোকসভায় জানিয়েছেন, রাজ্যগুলিকে মোট ৪৮ হাজার কিলোলিটার অতিরিক্ত কেরোসিন বরাদ্দ করা হচ্ছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ একাই পাচ্ছে ৪১৬৪ কিলোলিটার তেল।
গ্যাসের বিকল্প এখন কেরোসিন বর্তমানে বাজারে রান্নার গ্যাসের আকাল চরমে। শহর এলাকায় ২৫ দিন এবং গ্রামে ৪৫ দিনের আগে নতুন বুকিং নেওয়া হচ্ছে না। এই কঠিন পরিস্থিতিতে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের হাড়ির হাল ফেরাতে আসরে নেমেছে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন’। সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, মানুষ রেশন থেকে চাল-ডাল পেলেও তা রান্না করার জ্বালানি পাচ্ছিলেন না। তাই প্রধানমন্ত্রী ও পেট্রোলিয়াম মন্ত্রীকে চিঠি দিয়ে অতিরিক্ত কেরোসিনের দাবি জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েই এই বিপুল পরিমাণ বরাদ্দ মিলল।
কোথায় মিলবে এবং দাম কত? এই অতিরিক্ত কেরোসিন মূলত ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে। তবে যেখানে কেরোসিনের নির্দিষ্ট দোকান নেই, সেখানে রেশন দোকান বা পিডিএস (PDS) আউটলেটের মাধ্যমেই গ্রাহকরা এই তেল সংগ্রহ করতে পারবেন। ডিলারদের সূত্র অনুযায়ী, লিটার প্রতি এই তেলের দাম পড়তে পারে ৬০ থেকে ৬৫ টাকা। ফলে চড়া দামের গ্যাসের চেয়ে এই কেরোসিন অনেক বেশি সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও আশ্বস্ত করেছেন যে, গত পাঁচ দিনে গ্যাসের উৎপাদন বাড়ানো হয়েছে, তাই অহেতুক আতঙ্কিত হওয়ার কারণ নেই।