নির্বাচন কমিশনারের চোখে চোখ রেখে প্রশ্ন! কে এই আফরিন? সিপিএমের নতুন ‘লেডি ডন’ নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি

প্রতীক উর রহমানের দলত্যাগের পর যখন রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল যে সিপিএমের তরুণ তুর্কিরা বুঝি এবার একে একে মোহভঙ্গ হয়ে সরে যাচ্ছেন, ঠিক তখনই মহম্মদ সেলিম দাবার চালে নিয়ে এলেন এক নতুন মুখ। আর সেই মুখ কোনো অভিজ্ঞ ঝানু নেতা নয়, বরং এক তরুণী। যার নাম আফরিন বেগম। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও শমীক লাহিড়ীর পাশে দেখা যায় এই নতুন মুখকে। আর তাতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা।

কে এই আফরিন বেগম? আফরিন আদতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী গবেষক। দীর্ঘ দিন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) ঝাণ্ডা ধরে রাজপথে আন্দোলন করেছেন। কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলে সংগঠনের কাজে তিনি বেশ পরিচিত মুখ। ২০২৫ সালের রাজ্য সম্মেলনের পর নবগঠিত রাজ্য কমিটিতে তাঁর গুরুত্ব বাড়তে শুরু করে। তবে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে সেলিমের সঙ্গে তাঁর উপস্থিতি এক লহমায় তাঁকে লাইমলাইটে নিয়ে এসেছে।

কমিশনারকেও চোখে চোখ রেখে প্রশ্ন বৈঠক শেষে খোদ মহম্মদ সেলিমই আফরিনের দাপুটে মেজাজের প্রশংসা করেন। সেলিম জানান, বৈঠকে নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আফরিন অত্যন্ত যুক্তিনির্ভরভাবে তুলে ধরেছেন। এমনকি মুখ্য নির্বাচন কমিশনারের চোখে চোখ রেখে সপাটে প্রশ্ন করতেও পিছপা হননি এই তরুণী। আলিমুদ্দিনের অন্দরমহল বলছে, যে দলে নেতৃত্ব পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়, সেখানে আফরিনের এই উত্থান ইঙ্গিত দিচ্ছে যে দল এবার ‘অরগানিক লিডারশিপ’ বা স্বাভাবিক নেতৃত্ব তৈরিতে বাড়তি জোর দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, প্রতীক উর রহমানের বিদায়ে যে শূন্যতা তৈরির চেষ্টা হয়েছিল, আফরিনকে সামনে এনে সিপিএম বার্তা দিতে চাইল যে তাদের ‘রিজার্ভ বেঞ্চ’ তৈরি আছে। আগামী দিনে হয়তো এমন আরও অনেক শিক্ষিত এবং লড়াকু তরুণ মুখকে ফ্রন্টলাইনে দেখা যাবে।