৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা নীনা গুপ্তা? নেটদুনিয়ার জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী!

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা কি ৬৬ বছর বয়সে মা হতে চলেছেন? গত কয়েক দিন ধরে এই একটি প্রশ্নেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। গুঞ্জনের সূত্রপাত হায়দরাবাদে নববিবাহিত তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দান্নার বিয়ের রিসেপশন থেকে। সেখানে নীনার একটি ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ দাবি করেন, অভিনেত্রীর শাড়ির ভাঁজ থেকে ‘বেবি বাম্প’ উঁকি দিচ্ছে। অনেকে তো তাঁর ব্লকবাস্টার ছবি ‘বাধাই হো’-র বাস্তব সংস্করণের অপেক্ষায় দিন গুনতে শুরু করেছিলেন।
অবশেষে নীরবতা ভাঙলেন নীনা গুপ্তা। চিরাচরিত ঠাট্টার মেজাজে এই জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “বাস্তব জীবনে কোনও ‘বাধাই হো’ হয়নি। আমি অন্তঃসত্ত্বা নই।” জল্পনার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, সেদিন তাঁর পরনের শাড়ির মেটেরিয়ালটি অত্যন্ত মোটা ছিল, যার ফলে তাঁকে কিছুটা স্থূলকায় দেখাচ্ছিল। তবে ট্রোলের মুখে ভেঙে না পড়ে নীনা বেশ ইতিবাচক ভঙ্গিতেই বলেন, “এই বয়সে আমার প্রেগন্যান্সি নিয়ে যে আলোচনা হচ্ছে, তা দেখে আমার ভালোই লাগছে। এটা প্রমাণ করে যে আমাদের দেশ ও জাতি হিসেবে মানসিকতা উন্নত হচ্ছে।”
নীনা গুপ্তার জীবন বরাবরই ছক ভাঙা। আশির দশকে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিয়ের আগেই মা হওয়ার সিদ্ধান্ত সেই সময়ে ভারতে এক প্রকার বিপ্লব ছিল। সমাজের সমস্ত কটুক্তি উপেক্ষা করে তিনি একা হাতে বড় করেছেন কন্যা মাসাবা গুপ্তাকে। আজ মাসাবা ভারতের অন্যতম সফল ফ্যাশন ডিজাইনার। ২০০৮ সালে বিবেক মেহরার সঙ্গে বিয়ের পর বর্তমানে সুখের সংসার অভিনেত্রীর।
গুঞ্জন ছাপিয়ে নীনার এই সপাটে উত্তর আবারও প্রমাণ করল যে, কেন তিনি বলিউডের অন্যতম সাহসী এবং স্পষ্টবক্তা ব্যক্তিত্ব। বয়স বা শারীরিক গঠন নিয়ে নীতিপুলিশদের মন্তব্যে কান না দিয়ে তিনি নিজের শর্তেই বাঁচতে ভালোবাসেন। বিস্তারিত দেখুন নীচের ভিডিওতে।