স্কুলে ৩০ পড়ুয়া, কিন্তু উধাও শিক্ষক! গত ১৫ দিন ধরে এভাবেই চলছে ঘাটালের এই ‘আজব’ স্কুল

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক প্রাথমিক বিদ্যালয়ে গত ১৫ দিন ধরে এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। স্কুল খুলছে, ছোট ছোট পড়ুয়ারা ব্যাগে বই নিয়ে সময়মতো ক্লাসে এসে বসছে, আবার নির্দিষ্ট সময় পর মুখ ভার করে বাড়ি ফিরে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, স্কুলে কোনো শিক্ষক নেই। ঘাটাল ব্লকের বিদ্যাসাগর চক্রের ইড়পালা মুণ্ডুতলা প্রাথমিক বিদ্যালয়ে এখন পঠনপাঠন লাটে উঠেছে কেবল মাত্র একজন শিক্ষকের অভাবে।
জানা গিয়েছে, স্কুলটিতে ৩০ থেকে ৪০ জন পড়ুয়া থাকলেও শিক্ষক ছিলেন মাত্র একজন। বর্তমানে ওই শিক্ষিকা মাতৃত্বকালীন ছুটিতে থাকায় স্কুলটি সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়েছে। কোনো বিকল্প বা অস্থায়ী শিক্ষক না থাকায় খুদেদের ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিদিন গ্রামেরই এক সদস্য এসে স্কুলের তালা খুলে দেন, পড়ুয়ারা কিছুক্ষণ ক্লাসে বসে থেকে শিক্ষক না পেয়ে বাড়ি ফিরে যায়। এই পরিস্থিতিতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, এসআই দফতরকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও তুঙ্গে। স্থানীয় স্কুল পরিদর্শক বহ্নিশিখা দে সমস্যার কথা স্বীকার করে জানিয়েছেন যে, একজনকে ডেপুটেশনে পাঠানো হলেও তিনি যোগ দেননি। এদিকে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে বলেছেন, “শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে মদের দোকানের লাইসেন্স দিচ্ছে সরকার।” অন্যদিকে, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর ঘটনার জন্য ক্ষমা চেয়ে নিয়ে দ্রুত শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছেন।