কাবুল-কান্দাহারে পাক যুদ্ধবিমানের গর্জন! তালিবান ঘাঁটিতে বিধ্বংসী হামলায় মৃত শিশুসহ বহু

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ এশিয়া। আফগানিস্তানের ওপর ফের বড়সড় বিমান হামলা চালাল পাকিস্তান বায়ুসেনা। শুক্রবার রাজধানী কাবুল, কান্দাহার এবং পাক্তিয়া-সহ একাধিক কৌশলগত এলাকায় আকাশপথে এই আক্রমণ চালানো হয়। তালিবান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানি যুদ্ধবিমানগুলো জনবসতিপূর্ণ এলাকায় বোমাবর্ষণ করেছে, যার ফলে শিশু ও মহিলা-সহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের মূল লক্ষ্য ছিল কান্দাহারে তালিবানের ‘আল-বদর কর্পস’-এর সদর দফতর। হামলার সময় সেখানে তালিবানের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এছাড়া কাবুলের পুল-ই-চরখি এবং পাক্তিয়ার একটি সামরিক ঘাঁটিও ধ্বংস করে দেওয়া হয়েছে। কাবুল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হামলায় ৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে এবং ১৫ জন গুরুতর আহত। এই নজিরবিহীন হামলার পর আফগানিস্তান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পাক সেনা সংযত না হলে এর কড়া জবাব দেওয়া হবে।

দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের মাটি ব্যবহার করে ‘তেহরিক-ই-তালিবান’ (TTP) পাকিস্তানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সম্প্রতি পাকিস্তানে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর ইসলামাবাদ স্পষ্ট জানিয়েছিল যে তারা সন্ত্রাসবাদ আর বরদাস্ত করবে না। গত দুই সপ্তাহে দুই দেশের সীমান্তে সংঘর্ষে অন্তত ৫৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। যদিও পাকিস্তান দাবি করেছে, এই যুদ্ধে তারা ব্যাপক সাফল্য পেয়েছে এবং বহু তালিবান সেনাকে খতম করেছে। এই বিমান হামলার পর দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারায়।