নিজের শত্রু নিজেই! ১৫ বার বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস সৃষ্টি করলেন মহাতারকা ‘মোন্ডো’

আর্মান্ড ‘মোন্ডো’ ডুপ্লান্টিস এবং বিশ্বরেকর্ড—ক্রীড়া বিশ্বে এই দুটি শব্দ যেন এখন একে অপরের পরিপূরক। বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ অ্যাথলিট হিসেবে নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছেন এই সুইডিশ তারকা, যেখানে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। বৃহস্পতিবার রাতে নিজের ঘরের মাঠে উপসালায় আয়োজিত ‘মোন্ডো ক্লাসিক’-এ এক অবিশ্বাস্য নজির গড়লেন তিনি। পোল-ভল্টে নিজের পুরোনো রেকর্ড ভেঙে ১৫ বারের মতো বিশ্বরেকর্ড গড়লেন দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন।
এদিন বিশ্ব অ্যাথলেটিক্সের ইনডোর ট্যুর সিলভার মিটে ডুপ্লান্টিস লাফালেন ৬.৩১ মিটার। এর আগে তাঁর নিজের নামেই ৬.৩০ মিটারের বিশ্বরেকর্ড ছিল। এদিন মাত্র এক সেন্টিমিটার বেশি লাফিয়ে তিনি আবারও প্রমাণ করলেন কেন তাঁকে পোল-ভল্টের ঈশ্বর বলা হয়। উল্লেখ্য, এই নিয়ে মোট ১৫ বার বিশ্বরেকর্ড ভাঙলেন তিনি, যার মধ্যে ১৪ বারই তিনি নিজের সেট করা আগের উচ্চতাকে টপকে গিয়েছেন।
উপসালার গ্যালারি যখন ‘মোন্ডো মোন্ডো’ চিৎকারে ফেটে পড়ছিল, তখন ডুপ্লান্টিস অবলীলায় টপকে গেলেন সেই উচ্চতা যা সাধারণ মানুষের কল্পনার অতীত। প্রতিটি প্রতিযোগিতায় তিনি যেভাবে এক সেন্টিমিটার করে উচ্চতা বাড়িয়ে নিজের রেকর্ডকে আরও দুর্ভেদ্য করে তুলছেন, তাতে ক্রীড়াবিদদের মতে—ডুপ্লান্টিস কোথায় গিয়ে থামবেন তা কেউ জানে না। পোল-ভল্টের দুনিয়ায় এখন শুধুই মোন্ডো-রাজ।