কোমায় ইরানি সুপ্রিম লিডার? ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বিশ্বরাজনীতি!

ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা এখন তুঙ্গে। এরই মধ্যে আগুনের ঘৃতাহুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন মোজতবা এখনও জীবিত আছেন, তবে তিনি সম্ভবত ভয়াবহভাবে জখম হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইজরায়েলি হামলায় বাবা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত হওয়ার পর মোজতবা দায়িত্ব নিলেও, তাকে একবারের জন্যও জনসমক্ষে দেখা যায়নি। এই রহস্য ঘনীভূত করেই ট্রাম্প বলেন, “আমার মনে হয় তিনি কোনওমতে বেঁচে আছেন, কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল।”
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তেহরানের ‘সিনা ইউনিভার্সিটি হসপিটাল’-এ কড়া নিরাপত্তায় মোজতবার চিকিৎসা চলছে। ‘দ্য সান’ পত্রিকার দাবি, মোজতবা খামেনেই বর্তমানে কোমায় আচ্ছন্ন। ওই হামলায় তাঁর অন্তত একটি পা কেটে বাদ দিতে হয়েছে এবং তাঁর যকৃৎ ও পাকস্থলীতে গুরুতর আঘাত লেগেছে। যদিও ইরানি কূটনীতিকরা দাবি করেছেন যে মোজতবা নিরাপদ এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তবে জনসমক্ষে তাঁর অনুপস্থিতি ও কোনও ভিডিও বার্তা না আসায় সেই দাবি নিয়ে সন্দেহ দানা বাঁধছে।
প্রশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একটি লিখিত বিবৃতি পাঠ করেছে। সেখানে মোজতবা হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান এই যুদ্ধের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেবে। মার্কিন সামরিক ঘাঁটিগুলো অবিলম্বে বন্ধ না করলে সেগুলিতে হামলার হুমকিও দেওয়া হয়েছে। আড়ালে থেকেও খামেনেই-পুত্র যেভাবে ‘সম্পত্তি বাজেয়াপ্ত’ ও ‘ক্ষতিপূরণ’ আদায়ের বার্তা দিয়েছেন, তাতে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র আরও উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে প্রশ্ন একটাই— ইরানের এই নয়া ‘কমান্ডার’ কি আদৌ কখনও সুস্থ হয়ে প্রকাশ্যে ফিরতে পারবেন?