‘মোজতবাকে গদিছাড়া করবে ইজরায়েল!’ ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারিতে কাঁপছে তেহরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ এবার এক চূড়ান্ত ও ভয়ংকর মোড় নিতে চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের সিংহাসনে বসেছেন তাঁর পুত্র মোজতবা খামেনেই। কিন্তু গদিতে বসার কয়েক দিনের মধ্যেই তাঁর আয়ু নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোজতবা যদি আমেরিকার দাবি মেনে পরমাণু প্রকল্প বন্ধ না করেন, তবে তাঁকে সরিয়ে দিতে ইজরায়েলকে পূর্ণ সমর্থন দেবে ওয়াশিংটন।

ট্রাম্পের এই হুঁশিয়ারি মোটেও হালকাভাবে দেখছে না আন্তর্জাতিক মহল। সূত্রের খবর, মার্কিন আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন যে, মোজতবাকে সরানোর অভিযানটি ইজরায়েলি সেনাবাহিনীই পরিচালনা করবে, ঠিক যেভাবে তাঁর বাবাকে খতম করা হয়েছিল। বুধবার এক বিবৃতিতে ট্রাম্প দম্ভের সঙ্গে জানিয়েছেন, “ইরানে এমন আঘাত হানা হয়েছে যা ইতিহাসে কোনো দেশ দেখেনি। আমরা এখনও হামলা শেষ করিনি। ৪৭ বছর ধরে ইরান বিশ্বের ক্ষতি করেছে, এখন তাদের চড়া মূল্য চোকাতে হচ্ছে।”

শুধু তাই নয়, হরমুজ প্রণালী নিয়েও বড়সড় মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি তেল কোম্পানিগুলোকে নির্ভয়ে এই জলপথ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। ট্রাম্পের দাবি, “আমরা এক রাতে ইরানের সব মাইন বোঝাই জাহাজ ধ্বংস করেছি, ওদের নৌবহর এখন শেষ।” আমেরিকার কাছে বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে মনে করিয়ে দিয়ে ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরান যাতে আর কোনোদিন আমেরিকা বা তার মিত্র দেশগুলোকে হুমকি দেওয়ার সাহস না পায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে। এখন দেখার, ট্রাম্পের এই ‘ডেথ ওয়ারেন্ট’-এর মুখে মোজতবা খামেনেই মাথা নত করেন কি না।