বিজয়-রশ্মিকার সংসারে ভাঙন ধরানোর ছক? বিয়ের ছবি ভাইরাল হতেই কেন মেজাজ হারালেন ‘শ্রীবল্লী’?

গত ২৬ ফেব্রুয়ারি বিজয় দেবরকোন্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দক্ষিণী সুপারস্টার রশ্মিকা মন্দানা। ‘ভিরোশ’-এর বিয়ের অদেখা ছবি যখন নেটদুনিয়ায় ভাইরাল, ঠিক তখনই এক চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলেন অভিনেত্রী। তাঁর ও বিজয় দেবরকোন্ডার সুখের সংসারে কি পুরনো কাসুন্দি ঘেঁটে অশান্তি তৈরির চেষ্টা চলছে? সমাজমাধ্যমে রশ্মিকার মা সুমন মন্দানার একটি পুরনো অডিও ক্লিপ হঠাৎ ছড়িয়ে পড়ায় এই প্রশ্নই এখন জোরালো হয়ে উঠেছে। ক্ষোভে ফেটে পড়ে এবার সরাসরি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ‘ন্যাশনাল ক্রাশ’।

ভাইরাল হওয়া অডিও ক্লিপটি আসলে ৮ বছর আগের। সেখানে রশ্মিকার মা-কে তাঁর মেয়ের প্রাক্তন বাগদত্তা রক্ষিত শেট্টি ও তাঁদের বিচ্ছেদ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে। সুমন মন্দানা জানিয়েছিলেন, “রক্ষিতের সঙ্গে বিচ্ছেদ হয়ে ভালোই হয়েছে।” ২০১৬ সালে বাগদান সারলেও ২০১৮ সালে আলাদা হয়ে যান রশ্মিকা-রক্ষিত। বিজয়ের সঙ্গে বিয়ের পরেই পরিকল্পিতভাবে সেই পুরনো অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ রশ্মিকার। তাঁর দাবি, এটি তাঁর এবং তাঁর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন।

নিজের ক্ষোভ উগরে দিয়ে রশ্মিকা বলেন, “আমি এতদিন চুপ ছিলাম, নিজের কাজ করে গিয়েছি। কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে আমাকে আক্রমণ করে যাচ্ছে। এবার আর চুপ থাকব না।” তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা ব্যক্তিগত তথ্য প্রকাশ করে মানসিক হেনস্থা করছে, তাদের বিরুদ্ধে তিনি আদালতে যেতেও পিছপা হবেন না। নেটাগরিকদের একাংশের ধারণা, রশ্মিকার বর্তমান বৈবাহিক জীবনে অশান্তি সৃষ্টি করতেই একদল ট্রোলার এই কাজ করছে। বিয়ের খুশির মাঝে এই আইনি যুদ্ধের ঘোষণায় রীতিমতো তোলপাড় দক্ষিণী ইন্ডাস্ট্রি।