যুবসাথীদের জন্য বাম্পার খবর! কালকের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ডেডলাইন বেঁধে দিলেন মমতা

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় সুখবর। ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পাওয়া নিয়ে তৈরি হওয়া যাবতীয় অনিশ্চয়তা এক ঝটকায় দূর করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জেলাশাসকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন যে, আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকেল ৪টের মধ্যেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে দিতে হবে। নবান্ন সূত্রে খবর, এই প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা প্রশাসনকে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ ধর্মতলার ধর্নামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ১ এপ্রিলের বদলে আগেভাগেই যুবসাথীর টাকা দেওয়া শুরু হবে। সেই মতো ১৫০০ টাকা করে ক্রেডিট হওয়া শুরু হলেও বহু আবেদনকারীর অভিযোগ ছিল যে তাঁরা এখনও টাকা পাননি। সেই ক্ষোভ প্রশমনেই এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, আগামীকাল বিকেলের পর যেন কোনও আবেদনকারী বাকি না থাকেন। প্রশাসনিক স্তরে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এদিন ভার্চুয়াল বৈঠকে রান্নার গ্যাসের সংকট নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। গ্যাস সংকট থেকে ইভিএম—নানা ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “গ্যাসের লাইন, নোটবন্দির লাইন, আর কত লাইনে দাঁড়াতে হবে? এবার সব বেলাইন হয়ে যাবে।” পাশাপাশি নির্বাচন কমিশনের কাজ শুরুর আগেই উন্নয়নমূলক প্রকল্পের টাকা যাতে দ্রুত মানুষের হাতে পৌঁছায়, সেই লক্ষ্যেই যুবসাথীর টাকা দেওয়ার সময়সীমা বেঁধে দিলেন মমতা। শুক্রবার বিকেল ৪টের ডেডলাইন পার হওয়ার পর রাজ্যে কতজন নতুন করে এই সুবিধা পেলেন, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।