হোটেল-রেস্তোরাঁ বাঁচাতে বড় পদক্ষেপ! বাজারে অতিরিক্ত বাণিজ্যিক সিলিন্ডার ছাড়ছে কেন্দ্র, দায়িত্ব পেল রাজ্য

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের তীব্র হাহাকার মেটাতে এবার আসরে নামল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, হোটেল, রেস্তোরাঁ ও ক্যাফেগুলোর অচলাবস্থা কাটাতে বাজারে অতিরিক্ত বাণিজ্যিক সিলিন্ডার ছাড়া হচ্ছে। তবে কোন কোন উপভোক্তা অগ্রাধিকারের ভিত্তিতে এই সিলিন্ডার পাবেন, সেই তালিকা তৈরির চূড়ান্ত দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে। রান্নার গ্যাসের এই ঘাটতি সামাল দিতে বিকল্প হিসেবে রাজ্যগুলিকে অতিরিক্ত ৪০ হাজার কিলোলিটার কেরোসিনও বরাদ্দ করেছে কেন্দ্র।

জ্বালানি সঙ্কটের প্রভাব কতটা গভীর, তার প্রমাণ মিলেছে গুরুগ্রামের বিখ্যাত ‘দ্য শ্রী রাম স্কুল’-এর ঘটনায়। বাণিজ্যিক সিলিন্ডার না পাওয়ায় আগামী সোমবার থেকে পড়ুয়াদের টিফিন ও দুপুরের খাবার দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের ইতিমধ্যেই এই নিয়ে ইমেল পাঠানো হয়েছে। সেই ইমেলের স্ক্রিনশট সমাজমাধ্যমে শেয়ার করে ভারত-পে’র প্রাক্তন কর্তা অশনীর গ্রোভার লিখেছেন, “সঙ্কট যে সত্যিই গভীর, তা এখন স্পষ্ট।” ক্যাটারারদের কাছে মাত্র দু’দিনের গ্যাসের মজুত রয়েছে বলে জানা গিয়েছে।

মূলত পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরেই এই বিপত্তি। ভারত তার এলপিজি চাহিদার প্রায় ৮৫ শতাংশ আমদানি করে হরমুজ প্রণালী দিয়ে। কিন্তু যুদ্ধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় জোগানে টান পড়েছে। ফলে ভারতের বাজারে সময়মতো সিলিন্ডার পৌঁছোচ্ছে না। পরিস্থিতির গুরুত্ব বুঝে কেন্দ্র তড়িঘড়ি অতিরিক্ত সাপ্লাইয়ের ব্যবস্থা করলেও, সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠা এখনই বন্ধ হবে কি না, তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা।