দুধে ভেজাল রুখতে বড় পদক্ষেপ! উৎপাদক ও বিক্রেতাদের জন্য কড়া নির্দেশিকা জারি করল FSSAI

দুধের গুণমান বজায় রাখতে এবং বাজারে ভেজাল রুখতে এবার কোমর বেঁধে নামল ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া’ বা FSSAI। বুধবার (১১ মার্চ) জারি করা এক নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে দুধ উৎপাদক এবং বিক্রেতাদের ব্যবসা চালানোর জন্য বাধ্যতামূলকভাবে লাইসেন্স বা রেজিস্ট্রেশন নিতে হবে। কর্তৃপক্ষের নজরে এসেছে যে, দেশের বহু অংশে বৈধ অনুমতি ছাড়াই দুধের কারবার চলছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
FSSAI-এর স্পষ্ট নির্দেশ— দুগ্ধ সমবায় সমিতির (Dairy Cooperative Societies) নথিভুক্ত সদস্য যারা সমিতিতেই দুধ সরবরাহ করেন, তাঁরা ছাড়া বাকি সমস্ত দুধ উৎপাদক এবং সাধারণ বিক্রেতাদের এই রেজিস্ট্রেশন করতে হবে। এর পাশাপাশি, দুধ সঠিক তাপমাত্রায় সংরক্ষিত হচ্ছে কি না এবং ‘মিল্ক চিলার’ বা সংরক্ষণ যন্ত্রগুলি স্বাস্থ্যসম্মত কি না, তা খতিয়ে দেখতে রাজ্যগুলিকে নিয়মিত তল্লাশি ও পরিদর্শন করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে এই নির্দেশিকা কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্র। বিশেষ করে যারা নিয়ম ভাঙছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রতি মাসে দুবার করে সরকারকে রিপোর্ট জমা দিতে হবে। মূলত পচন রোধ এবং দুধে ক্ষতিকারক রাসায়নিকের মিশ্রণ ঠেকাতেই এই ‘স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ’ বা বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।