উত্তেজনা শেষে স্বস্তি! মণিপুরে অপহৃত সেই ২১ জন নাগা যুবক মুক্ত, রাতভর রুদ্ধশ্বাস আলোচনার পর মিলল সাফল্য

মণিপুরে নাগা ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে নতুন করে দানা বাঁধা উত্তেজনার মাঝে অবশেষে স্বস্তির খবর। বুধবার উখরুল জেলা থেকে অপহৃত ২১ জন তাংখুল নাগা যুবককে বৃহস্পতিবার ভোরে মুক্তি দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকার এবং দুই গোষ্ঠীর নাগরিক সংগঠনগুলোর দীর্ঘ আলোচনার পর এই মুক্তির পথ প্রশস্ত হয়। অপহৃতদের উদ্ধারের পর লিটান থানায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তাঁরা সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরে গিয়েছেন।

গত বুধবার (১১ মার্চ) দুপুরে উখরুল-ইম্ফল সড়ক দিয়ে যাওয়ার সময় শাংখাই গ্রামের কাছে সশস্ত্র ব্যক্তিরা তাঁদের অপহরণ করে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তাংখুল নাগা সম্প্রদায়ের শীর্ষ সংগঠন ‘তাংখুল নাগা লং’ সরাসরি কুকি জঙ্গিদের দিকে আঙুল তুলে রাজ্য সরকারকে দুই ঘণ্টার আল্টিমেটাম দেয়। যদিও স্থানীয় কুকি গ্রাম কর্তৃপক্ষের দাবি ছিল ভিন্ন। তাদের অভিযোগ, নাগা স্বেচ্ছাসেবকরাই প্রথমে হামলা চালিয়ে গ্রামে আগুন ধরিয়ে দিয়েছিল এবং সেই ঘটনার জেরে ক্ষুব্ধ গ্রামবাসী ও সশস্ত্র বাহিনী পালটা পদক্ষেপ করে।

এই অপহরণের জেরে মণিপুরের নাগা অধ্যুষিত এলাকাগুলিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে বৃহস্পতিবার ভোরের এই মুক্তির খবর পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, অপহৃতদের ফিরে পাওয়া গেলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। নতুন করে যাতে কোনও হিংসা ছড়িয়ে না পড়ে, তার জন্য উখরুল ও সংলগ্ন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ।