রাস্তার গর্তই হলো জীবনদাতা! অ্যাম্বুলেন্স ঝাঁকুনি খেতেই ফিরে এল প্রাণ, ব্রেন ডেড মহিলার মিরাকল

জীবন আর মৃত্যুর মাঝখানের দেওয়ালটা যে কতটা পাতলা, তা আরও একবার প্রমাণ করে দিল উত্তরপ্রদেশের এই আশ্চর্য ঘটনা। চিকিৎসকরা যাঁকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করে দিয়েছিলেন, স্রেফ রাস্তার একটি গর্তের ধাক্কায় তিনি ফিরে পেলেন জীবন। বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে থাকা এই মিরাকল নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে সংবাদমাধ্যমে।

উত্তরপ্রদেশের বাসিন্দা বিনীতা শুক্লা বাড়িতে কাজ করার সময় আচমকা জ্ঞান হারান। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। একদিন পর চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, বিনীতার ব্রেন ডেড হয়ে গিয়েছে এবং ফেরার আর কোনও আশা নেই। শোকাতুর স্বামী কুলদীপ শুক্লা স্থির করেন স্ত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করবেন। কিন্তু বাড়ি ফেরার পথেই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা।

৭৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হাফিজগঞ্জের কাছে অ্যাম্বুলেন্সটি একটি বড় গর্তে পড়ে প্রচণ্ড ঝাঁকুনি খায়। সেই তীব্র কম্পনেই যেন শরীরের স্নায়ুগুলি জেগে ওঠে বিনীতার। কুলদীপ লক্ষ্য করেন, তাঁর স্ত্রী স্বাভাবিকভাবে নিশ্বাস নিচ্ছেন এবং হৃৎস্পন্দনও স্বাভাবিক। দ্রুত অ্যাম্বুলেন্স ঘুরিয়ে পিলিভিটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে মাত্র একদিনের চিকিৎসাতেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। যে গর্ত যাতায়াতের পথে অভিশাপ বলে গণ্য হয়, সেই গর্তই বিনীতার জীবনে আশীর্বাদ হয়ে এল।