গ্যাস সঙ্কটে নাজেহাল দেশ, ইটের উনুন নিয়ে সংসদের গেটে ধর্নায় প্রিয়াঙ্কা-জয়া বচ্চনরা!

দেশজুড়ে রান্নার গ্যাসের (LPG) তীব্র হাহাকার এবং জোগান নিয়ে অনিশ্চয়তার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সংসদের মকর দ্বারের সামনে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে রাহুল বলেন, “প্রধানমন্ত্রী জনগণকে আতঙ্কিত না হতে বলছেন, কিন্তু তিনি নিজেই অন্য কারণে আতঙ্কিত। আদানি মামলা এবং এপস্টিন ফাইল নিয়ে তিনি এতটাই ভীত যে সংসদেও আসতে পারছেন না।”

এদিন সংসদ চত্বরে গ্যাসের ঘাটতি নিয়ে বিরোধীদের বিক্ষোভ ছিল চোখে পড়ার মতো। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির জয়া বচ্চন, এনসিপি-র সুপ্রিয়া সুলে এবং ডিএমকে-র কানিমোঝিরা একটি প্রতীকী ইটের উনুন নিয়ে বসে অভিনব প্রতিবাদ জানান। বিরোধীদের স্লোগান ছিল, ‘নাম নরেন্দ্র, কাজ আত্মসমর্পণ’। রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, লোকসভায় প্রধানমন্ত্রীর চেয়ার খালি থাকাটাই প্রমাণ করে যে তিনি পরিস্থিতি মোকাবিলা করতে ভয় পাচ্ছেন।

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে। এর ফলে ছোট হোটেল থেকে বড় রেস্তোরাঁ—সর্বত্রই হাঁড়ির হাল। অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করতে বাধ্য হচ্ছেন বা বিকল্প হিসেবে সৌরশক্তি ও ইন্ডাকশন কুকটপের দিকে ঝুঁকছেন। যদিও কেন্দ্র আশ্বস্ত করেছে যে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং গৃহস্থালির গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কিন্তু বিরোধীরা এই ইস্যুতে সরকারকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। রাহুল গান্ধীর দাবি, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং আদানি ইস্যু নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা চাই, যা থেকে সরকার পালিয়ে বেড়াচ্ছে।