হিসেবেনিকেশ সব ভুল! প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ল নাসার বিশাল স্যাটেলাইট, কেন নিয়ন্ত্রণ হারালেন বিজ্ঞানীরা?

আশঙ্কাই সত্যি হলো। মহাকাশ বিজ্ঞানের সমস্ত গাণিতিক হিসেব উল্টে দিয়ে নির্ধারিত সময়ের ৮ বছর আগেই পৃথিবীর বুকে আছড়ে পড়ল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র কৃত্রিম উপগ্রহ ‘ভ্যান অ্যালেন প্রোব এ’ (Van Allen Probe A)। বুধবার সকালে প্রশান্ত মহাসাগরের বুকে এটি আছড়ে পড়ার পর থেকেই বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেন অকেজো হয়ে পড়া এই স্যাটেলাইটটির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না নাসা?
ভুল প্রমাণিত হলো বিজ্ঞানীদের ধারণা: ২০১২ সালে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র বা ‘ভ্যান অ্যালেন বেল্ট’ পর্যবেক্ষণের জন্য যমজ উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল নাসা। ২০১৯ সালে সেটির জ্বালানি ফুরিয়ে গেলেও বিজ্ঞানীদের ধারণা ছিল, ২০৩৪ সালের আগে এটি পৃথিবীতে আছড়ে পড়বে না। কিন্তু সেই সময়সীমার অনেক আগেই এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে। বুধবার সকাল ৬টা বেজে ৩৭ মিনিটে ইকুয়েডর উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে এটি আছড়ে পড়ে।
কেন এই অকাল পতন? বিজ্ঞানীরা জানিয়েছেন, গত কয়েক বছরে সৌরচক্র অত্যন্ত তীব্র হয়েছে। মহাকাশের এই পরিবর্তনের ফলেই স্যাটেলাইটটি তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়। ঘর্ষণের ফলে বায়ুমণ্ডলেই এটি পুরোপুরি ছাই হয়ে যাওয়ার কথা থাকলেও, স্যাটেলাইটের কিছু অংশ অক্ষত অবস্থায় সমুদ্রে পড়েছে।
অশনি সঙ্কেত: বসতি এলাকায় এটি আছড়ে পড়লে বড়সড় বিপত্তি ঘটতে পারত। মহাকাশে ক্রমবর্ধমান বর্জ্য বা ‘স্পেস জাঙ্ক’ যে কোনো মুহূর্তে পৃথিবীর জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে— এই ঘটনা ফের সেই আশঙ্কাই বাড়িয়ে দিল। তবে এর যমজ উপগ্রহ ‘ভ্যান অ্যালেন প্রোব বি’ ২০৩০ সাল পর্যন্ত মহাকাশে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।