বাংলায় অকাল বর্ষণ! ধেয়ে আসছে কালবৈশাখী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চরম সতর্কতা

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর ও দক্ষিণ—উভয় বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং ওড়িশা থেকে উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যের আবহাওয়ায় এই বড় পরিবর্তন দেখা দিয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির দাপট বেশি থাকবে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি করতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই বঙ্গেই বৃষ্টির সময় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই অকাল বৃষ্টির ফলে তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি মিলতে পারে। আগামী রবিবার পর্যন্ত এই মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির দাপট জারি থাকার সম্ভাবনা রয়েছে।

Saheli Saha
  • Saheli Saha