পুরীর পথেই উত্তরাখণ্ড! কেদারনাথ-বদ্রীনাথে অ-হিন্দুদের প্রবেশে জারি হচ্ছে নিষেধাজ্ঞা?

উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যাত্রার প্রাক্কালে এক ঐতিহাসিক এবং বিতর্কিত সিদ্ধান্তের পথে হাঁটল মন্দির পরিচালন বোর্ড। ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরের আদলে এবার উত্তরাখণ্ডের কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দিরেও অ-হিন্দুদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার প্রস্তাব পাশ হয়েছে। গঙ্গোত্রী মন্দির কমিটির সভাপতি হেমন্ত দেবেডীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে চর্চা শুরু হয়েছে।

বোর্ড সভাপতির দাবি, বদ্রীনাথ ও কেদারনাথ কেবল পর্যটন কেন্দ্র নয়, এগুলি আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত বৈদিক আধ্যাত্মিকতার কেন্দ্র। তাঁর মতে, ভারতীয় সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব আচার-বিধি পরিচালনার অধিকার রয়েছে। সেই অধিকার প্রয়োগ করেই মন্দির চত্বর এবং গর্ভগৃহে অ-হিন্দুদের প্রবেশ সীমিত রাখার প্রস্তাব আনা হয়েছে। আগামী ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় চারধাম যাত্রা শুরু হলেই এই নিয়ম কার্যকর হতে পারে।

উল্লেখ্য, ২২ এপ্রিল কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রীনাথ ধামের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির চেয়ারম্যান সুরেশ সেমওয়াল জানিয়েছেন, উত্তরাখণ্ডের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করতেই এই পদক্ষেপ। কেদার-বদ্রী সহ ওই অঞ্চলের মোট ৪৫টি মন্দিরে এই একই নিয়ম চালুর পরিকল্পনা রয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে সাধারণ পর্যটকদের যাতায়াতে কোনো আইনি জটিলতা তৈরি হয় কি না, এখন সেটাই দেখার।

Saheli Saha
  • Saheli Saha