উত্তরবঙ্গবাসীর পোয়াবারো! হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেসের নতুন স্টপেজ, একগুচ্ছ ট্রেনের তালিকায় বড় বদল

উত্তরবঙ্গগামী যাত্রী এবং নিত্যযাত্রীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত সুখবর শোনাল পূর্ব রেল। গত ছয় মাসের কর্মযজ্ঞ শেষে রেলের নেটওয়ার্কিং ব্যবস্থায় এক বড়সড় সম্প্রসারণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকা থেকে প্রধান শহরগুলির দূরত্ব যেমন কমেছে, তেমনই যাতায়াত হয়েছে আরও আরামদায়ক। রেল সূত্রে খবর, মোট ১০৪টি এক্সপ্রেস ও মেল ট্রেন এবং ১১টি প্যাসেঞ্জার ট্রেনকে নতুন স্টপেজ দেওয়া হয়েছে। এছাড়া যাত্রী চাহিদা মেটাতে ১১৫টি অতিরিক্ত পরিষেবাও যুক্ত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্টপেজ ও ট্রেনের তালিকা:
সবচেয়ে বড় চমক হলো ১২০৪১/১২০৪২ হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া শতাব্দী এক্সপ্রেস এখন থেকে রামপুরহাট স্টেশনে থামবে। এছাড়াও:

মহিপাল রোড, ত্রিবেণী ও লালবাগ কোর্ট রোড: হাওড়া – কাটিহার এক্সপ্রেস (১৩০৩৩/৩৪) এখন এই স্টেশনগুলিতে থামবে।

সিমুলতলা: হাওড়া – কাঠগোদাম এক্সপ্রেসের (১৩০১৯/২০) স্টপেজ দেওয়া হয়েছে এখানে।

ধরহারা: মালদা টাউন – নিউ দিল্লি এক্সপ্রেস, ভাগলপুর – জম্মু তাওয়াই এবং বেঙ্গালুরু – ভাগলপুর এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন এখানে স্টপেজ পাবে।

ধাউনি: গোড্ডা – দিল্লি, রাঁচি ও টাটানগর এক্সপ্রেসের সংযোগস্থল হয়ে উঠেছে এই স্টেশন।

অন্যান্য: শিয়ালদহ – সিউড়ি এক্সপ্রেস এখন চিনপাই ও উখরায় থামবে। হাজারদুয়ারি এক্সপ্রেস কাসিমবাজার ও দেবগ্রামে এবং শতাব্দী এক্সপ্রেসের পাশাপাশি অন্যান্য ইন্টারসিটি ট্রেনগুলি মণিগ্রাম, মুরারই ও ব্যান্ডেলে স্টপেজ দেবে।

রেলের এই সিদ্ধান্তে খুশি স্থানীয় বাসিন্দারা। অন্ডাল, অম্বিকা কালনা, গুসকরা, জঙ্গিপুর, নলহাটি ও সিউড়ির মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলির সঙ্গে কলকাতার যোগাযোগ আরও মজবুত হলো। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Saheli Saha
  • Saheli Saha