গরমের দুপুরে অমৃত স্বাদ! তিল বাটা দিয়ে লাউ শাকের এই নিরামিষ পদ আঙুল চেটে খাবে সবাই

গরমকাল মানেই শরীর ঠান্ডা রাখা আর হালকা অথচ মুখরোচক রান্নার খোঁজ। এই সময়ে ভারী বা তেল-মশলাদার খাবার এড়িয়ে চলাই ভালো। কিন্তু তার মানে এই নয় যে খাওয়া-দাওয়ায় আপস করতে হবে! লাউ শাকের চচ্চড়ি বা সরষে বাটা দিয়ে রান্না আমরা সকলেই খেয়ে থাকি। তবে এবার স্বাদে বৈচিত্র্য আনতে বানিয়ে ফেলুন সাদা তিল দিয়ে লাউ শাকের এই অনন্য নিরামিষ পদ। গরম ভাতের সঙ্গে এর যুগলবন্দী এক কথায় অনবদ্য।

প্রয়োজনীয় উপকরণ:
লাউ শাকের আঁটি (৫টি), মাঝারি আলু (২টি), শিম (৭-৮টি), কাঁচা টম্যাটো (২টি), সাদা তিল (২ টেবিল চামচ), সর্ষের তেল (১ টেবিল চামচ), কাঁচালঙ্কা (৮-১০টি), কালোজিরে (১ চা চামচ), লঙ্কাগুঁড়ো (১ চা চামচ), হলুদগুঁড়ো (১ চা চামচ) এবং স্বাদমতো নুন।

প্রস্তুত প্রণালী:
রান্নার শুরুতেই সাদা তিল মিক্সিতে মিহি করে বেটে নিন। লাউ শাক ও ডগা ভালো করে ধুয়ে ছোট করে কুচিয়ে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে কালোজিরে ফোড়ন দিন। প্রথমে ডুমো করে কাটা আলুগুলো ভেজে নিয়ে একে একে শিম ও কাঁচা টম্যাটো দিয়ে দিন। হালকা নাড়াচাড়ার পর হলুদ ও লঙ্কাগুঁড়ো মিশিয়ে কুচিয়ে রাখা লাউ শাক দিয়ে দিন। পরিমাণমতো নুন দিয়ে ঢাকা দিয়ে রান্না করুন যাতে শাকের জলেই সবজি সেদ্ধ হয়ে যায়। সবজি মজে এলে ওপর থেকে বেটে রাখা তিল ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। তৈরি আপনার সাদা তিল দিয়ে লাউ শাক!

Saheli Saha
  • Saheli Saha